নিজস্ব প্রতিবেদক : গোপালগঞ্জে চলমান অস্থিরতা ও সহিংসতা নিয়ন্ত্রণে সরকারকে আরও কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। আগামী ১৯ নভেম্বরকে সামনে রেখে জেলায় বড় ধরনের নাশকতার পরিকল্পনা নেওয়া হচ্ছে বলেও দাবি করেছেন তিনি। এ বিষয়ে সরকারের কাছে থাকা তথ্যের ভিত্তিতে আগাম ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়েছেন বিরোধীদলীয় নেতা।
মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদে তৈরি পোশাকশিল্পে চলমান শ্রমিক অসন্তোষ নিয়ে আলোচনার জন্য উত্থাপিত একটি সাধারণ প্রস্তাবের ওপর বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
শফিকুর রহমান বলেন, ‘আমাদের কাছে এ রকম ইনফরমেশন আছে—আগামী ১৯ তারিখকে সামনে রেখে সেখানে বড় ধরনের নাশকতার পরিকল্পনা নেওয়া হচ্ছে।’ কার কার বাড়িতে আগুন দেওয়া হবে এবং কোথায় কোথায় অগ্নিসংযোগ করা হবে, তা আগেই ঘোষণা করা হয়েছে বলেও দাবি করেন তিনি।
বিরোধীদলীয় নেতা বলেন, এসব তথ্য সরকারের কাছেও থাকার কথা। বাস্তবে যদি এমন কোনো ঘটনা না ঘটে, সেটিই হবে স্বস্তির বিষয়। তবে সম্ভাব্য নাশকতা নিয়ে সরকার ও সংসদের পক্ষ থেকে জনগণকে আশ্বস্ত করা প্রয়োজন। এ সময় তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ে বক্তব্য দেওয়ার আহ্বান জানান।
জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের নেওয়া পদক্ষেপ নিয়েও প্রশ্ন তোলেন শফিকুর রহমান। তিনি বলেন, গোপালগঞ্জের জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি) এবং তিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলি করার বিষয়টি তাঁরা দেখেছেন। তবে এর বাইরে পরিস্থিতি স্বাভাবিক করতে সরকার আর কী পদক্ষেপ নিয়েছে, তা স্পষ্ট করা প্রয়োজন।
তিনি আরও বলেন, গত কয়েক দিন ধরে গোপালগঞ্জের বিভিন্ন স্থানে অস্থিরতা চলছে। মঙ্গলবার একটি থানায় মাইকিং করে লোকজন জড়ো হয়ে ঘেরাও, হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে। এমন পরিস্থিতিতে সাধারণ মানুষের জীবন, সম্পদ ও সম্মান রক্ষার পাশাপাশি রাষ্ট্রীয় স্থাপনা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নিরাপত্তায় কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা সংসদকে জানাতে হবে।
গোপালগঞ্জের সাধারণ মানুষের নিরাপত্তার ওপর গুরুত্ব দিয়ে বিরোধীদলীয় নেতা বলেন, ‘গোপালগঞ্জ বাংলাদেশেরই অংশ। সেখানে বহু নাগরিক, দেশপ্রেমিক, নিরীহ আছেন; তাঁদেরকে রক্ষা করা সরকারের এবং আমাদের সবার সামগ্রিক দায়িত্ব।’
পরিস্থিতি মোকাবিলায় দ্রুত ব্যবস্থা নেওয়ার প্রয়োজনীয়তা বোঝাতে চিকিৎসাবিজ্ঞানের উদাহরণও দেন তিনি। নিজেকে ক্ষুদ্র চিকিৎসক উল্লেখ করে শফিকুর রহমান বলেন, ‘এই বিষফোড়ার পুঁজ যখন রক্তে চলে যায়, তখন গোটা দেহে ছড়িয়ে পড়ে। এই পুঁজ রক্তে যাওয়ার আগেই বিষফোড়াকে ওখানেই ট্রিটমেন্ট করতে হবে।’
যারা পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা ও নাশকতা করছে, তারা দেশকে ভালোবাসে না বলেও মন্তব্য করেন তিনি। সরকারি প্রতিষ্ঠান ধ্বংস, মানুষের প্রাণহানি কিংবা আগাম ঘোষণা দিয়ে ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালানোর মতো পরিস্থিতিতে আর অপেক্ষা করার সুযোগ নেই বলে মনে করেন বিরোধীদলীয় নেতা।
বক্তব্যের শেষ পর্যায়ে তিনি এসব ঘটনার প্রতিকার দাবি করে বলেন, ‘প্রতিকার চাই।’

