গাজীপুর জেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি ও সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে গাজীপুর শহরের দক্ষিণ ছায়াবীথি এলাকায় তাঁর পুরোনো বাসভবনে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, জোড়পুকুরপাড়সংলগ্ন ওই এলাকায় মোজাম্মেল হকের একটি পুরোনো টিনশেড বাড়ি রয়েছে। বাড়িটির পাশেই তাঁর আটতলা একটি ভবন থাকলেও সেটিতে আগুনের কোনো প্রভাব পড়েনি। টিনশেড বাড়িটি ভাড়া দেওয়া ছিল।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, রাতে একদল দুর্বৃত্ত বাড়িটির ভাড়াটিয়াদের ঘর থেকে বের করে দেয়। এরপর টিনশেড ভবনটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। অল্প সময়ের মধ্যেই আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় আধা ঘণ্টার প্রচেষ্টায় রাত সোয়া ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
গাজীপুর মহানগর পুলিশের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, কারা এবং কী কারণে বাড়িটিতে আগুন দিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
এদিকে, মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের একটি অডিও ছড়িয়ে পড়াকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা চলছে। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ওই অডিওতে তাঁকে বিএনপির নেতা-কর্মীদের বাড়িঘরে আগুন দেওয়া এবং তাঁদের ওপর হামলার নির্দেশনা দিতে শোনা গেছে। তবে অডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গাজীপুরের ধীরাশ্রমে মোজাম্মেল হকের গ্রামের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছিল।

