শেখ হাসিনা পালালেও রক্তের তৃষ্ণা মেটেনি: রিজভী

নিজস্ব প্রতিবেদক :
spot_img

পাঁচ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার ক্ষমতার অবসান ও দেশত্যাগের প্রসঙ্গ তুলে সাবেক এই প্রধানমন্ত্রীকে ‘রক্তপিপাসু স্বৈরাচার’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, ক্ষমতা ছেড়ে পালিয়ে গেলেও শেখ হাসিনার রক্তের তৃষ্ণা এখনো মেটেনি।

- Advertisement -

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল ৩টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কাজী নজরুল ইসলাম মিলনায়তনে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। সভার বিষয় ছিল ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঐতিহাসিক ভূমিকা ও জাতীয় জীবনে ৭ নভেম্বরের তাৎপর্য’।

রিজভী অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের টানা ১৭ বছরের শাসনামলে দেশের মানুষের ভোটাধিকার, মতপ্রকাশের স্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে। বিরোধী দলের নেতাকর্মীদের ওপর দমন-পীড়ন, নির্বাচনব্যবস্থায় অনিয়ম এবং রাষ্ট্রীয় সম্পদ লুটপাটের ঘটনাও ঘটেছে বলে দাবি করেন তিনি।

শেখ হাসিনার শাসনামলের নির্বাচনব্যবস্থা নিয়ে সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, ভোটাররা কেন্দ্রে গিয়েও নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি। কখনো মধ্যরাতের নির্বাচন, আবার কখনো ‘আমি-ডামি’ নির্বাচনের মাধ্যমে বিতর্কিত নির্বাচনের ধারাবাহিকতা তৈরি করা হয়েছে। এসব কর্মকাণ্ড আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে।

আলোচনা সভায় রাবি শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, ১৯৭১ সালের ২৬ মার্চ স্বাধীনতার ঘোষণা দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁর নেতৃত্ব ও আত্মত্যাগ স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার সংগ্রামকে এগিয়ে নিয়েছিল।

তিনি আরও বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান একটি সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছেন। অন্যদিকে শেখ হাসিনার সমর্থকেরা দেশকে অস্থিতিশীল করা এবং জাতীয় সম্পদ ধ্বংসের ষড়যন্ত্র করছেন বলে অভিযোগ করেন তিনি।

অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম বলেন, জাতীয় ঐক্য ছাড়া দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুরক্ষা করা সম্ভব নয়। জনগণের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমেই গণতন্ত্রকে শক্তিশালী করতে হবে।

৭ নভেম্বরের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে উপাচার্য বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস কেবল অতীত স্মরণের উপলক্ষ নয়; বরং জাতীয় ঐক্য, দেশপ্রেম, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে নতুন করে অঙ্গীকার করার দিন। ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঘটনাপ্রবাহ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছিল।

রাবি শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সরদার জহুরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ