ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের ওপর ‘ডার্টি বোমা’ হামলার পরিকল্পনা করছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক:
spot_img

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের লক্ষ্য করে ওয়াশিংটনে তেজস্ক্রিয় পদার্থ ছড়ানোর অস্ত্র বা ‘ডার্টি বোমা’ হামলার পরিকল্পনা করছে ইরান—এমন দাবি করেছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট প্রমাণ প্রকাশ করা হয়নি। এমনকি হামলা চালানোর চূড়ান্ত সিদ্ধান্ত তেহরান নিয়েছে, এমন তথ্যও পাওয়া যায়নি।

- Advertisement -

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে সাতজন নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়েছে, সম্ভাব্য হামলার বিভিন্ন কৌশল ও বিকল্প নিয়ে চিন্তাভাবনা করছে ইরান। যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে বোমা তৈরির উপকরণ মজুত রাখার বিষয়টিও গোয়েন্দাদের নজরে এসেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। তবে এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

এদিকে হোয়াইট হাউস জানিয়েছে, যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য সম্ভাব্য সব ধরনের হুমকি পর্যবেক্ষণ করা হচ্ছে। তবে দেশটির মূল ভূখণ্ডে হামলার বিষয়ে বর্তমানে বিশ্বাসযোগ্য কোনো হুমকির তথ্য নেই। অন্যদিকে জাতিসংঘে ইরানের মিশন মার্কিন অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে।

ডার্টি বোমা কতটা ভয়ংকর?

ডার্টি বোমা মূলত প্রচলিত বিস্ফোরকের সঙ্গে তেজস্ক্রিয় পদার্থ যুক্ত করে তৈরি করা এক ধরনের অস্ত্র। বিস্ফোরণের মাধ্যমে এর সঙ্গে থাকা তেজস্ক্রিয় উপাদান আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। পারমাণবিক বোমার মতো এতে পারমাণবিক বিক্রিয়ার প্রয়োজন হয় না। চিকিৎসা ও শিল্পকারখানায় ব্যবহৃত তেজস্ক্রিয় পদার্থও এ ধরনের অস্ত্র তৈরিতে ব্যবহার করা সম্ভব।

বিশেষজ্ঞদের মতে, ডার্টি বোমায় পারমাণবিক অস্ত্রের মতো ব্যাপক প্রাণহানির আশঙ্কা তুলনামূলক কম। তবে এর মাধ্যমে তেজস্ক্রিয় দূষণ ছড়িয়ে মানুষের স্বাস্থ্যের জন্য দীর্ঘমেয়াদি ঝুঁকি তৈরি করা যায়। পাশাপাশি আক্রান্ত এলাকায় আতঙ্ক সৃষ্টি এবং দীর্ঘ সময়ের জন্য বসবাস ও স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হতে পারে। এ কারণে অস্ত্রটিকে অনেক সময় ‘ব্যাপক বিশৃঙ্খলা সৃষ্টির অস্ত্র’ হিসেবে বিবেচনা করা হয়।

ডার্টি বোমা তৈরির সক্ষমতা আছে ইরানের?

বিশেষজ্ঞদের ধারণা, তাত্ত্বিকভাবে ইরানের এ ধরনের অস্ত্র তৈরির প্রয়োজনীয় উপাদান ও প্রযুক্তিগত দক্ষতা থাকতে পারে। দেশটির বড় ধরনের বেসামরিক পারমাণবিক কর্মসূচি রয়েছে। চিকিৎসা ও শিল্পক্ষেত্রে ব্যবহারের জন্য তেজস্ক্রিয় উপাদান সংগ্রহের সুযোগও রয়েছে।

আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) ২০২৫ সালের জুনের সর্বশেষ মূল্যায়ন অনুযায়ী, ইরানের কাছে ৬০ শতাংশ সমৃদ্ধ প্রায় ৪৪০ কেজি ইউরেনিয়াম ছিল। তবে বিশ্লেষকদের মতে, এই সমৃদ্ধ ইউরেনিয়াম ডার্টি বোমা তৈরির জন্য প্রয়োজনীয় উপাদান নয়।

এক্সেটার বিশ্ববিদ্যালয়ের গবেষক তালহা আবদুল রাজ্জাক মনে করেন, ইরানের কাছে এ ধরনের অস্ত্র তৈরির উপাদান ও দক্ষতা থাকতে পারে। তবে যুক্তরাষ্ট্রের ভেতরে হামলা চালাতে হলে দেশটিকে গোপন চোরাচালান নেটওয়ার্ক কিংবা অপরাধী চক্রের সহায়তা নিতে হতে পারে।

তার মতে, যুক্তরাষ্ট্রে এমন হামলা চালালে ইরানের অবশিষ্ট কূটনৈতিক গ্রহণযোগ্যতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। একই সঙ্গে তেহরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান চালানোর সুযোগ তৈরি হতে পারে।

মার্কিন গোয়েন্দা দাবির বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন

বিশ্লেষকদের একটি অংশ মনে করছেন, চলমান সংঘাতের মধ্যে নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তাদের বরাত দিয়ে এ ধরনের তথ্য প্রকাশ জনমতকে আরও যুদ্ধমুখী করে তুলতে পারে। ফলে গোয়েন্দা তথ্যের সত্যতা ও নির্ভরযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে।

২০০৩ সালে ইরাকে গণবিধ্বংসী অস্ত্র থাকার অভিযোগ তুলে যুক্তরাষ্ট্র সামরিক অভিযান চালিয়েছিল। কিন্তু পরবর্তী সময়ে দেশটিতে ওই অস্ত্রের মজুতের কোনো প্রমাণ পাওয়া যায়নি। অতীতের এ ঘটনা বর্তমান গোয়েন্দা দাবির ক্ষেত্রেও সংশয় তৈরি করছে।

প্রতিবেদন অনুযায়ী, এখন পর্যন্ত বিশ্বে কোনো সফল ডার্টি বোমা হামলার ঘটনা ঘটেনি। অতীতে রাশিয়া, চেচনিয়া ও যুক্তরাষ্ট্রে এ ধরনের হামলার পরিকল্পনা বা আশঙ্কার তথ্য সামনে এলেও সেগুলো বাস্তবে রূপ নেয়নি।

সূত্র: আল-জাজিরা,

সর্বশেষ