নির্দেশ পেলেই ইউরোপের মার্কিন ঘাঁটিতে হামলা চালাবে ইরান: আইআরজিসি

আন্তর্জাতিক ডেস্ক:
spot_img

যুক্তরাষ্ট্রের নির্দেশে ইরানের বিরুদ্ধে কোনো সামরিক অভিযান পরিচালিত হলে বিশ্বের যেকোনো প্রান্তে পাল্টা হামলা চালানোর সক্ষমতা রয়েছে তেহরানের। এমনকি ইউরোপে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোও ইরানের ক্ষেপণাস্ত্রের আওতায় রয়েছে বলে দাবি করেছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

- Advertisement -

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ হুঁশিয়ারি দেন আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেবি। তিনি বলেন, প্রয়োজনীয় নির্দেশনা পাওয়া গেলে ভৌগোলিক কোনো সীমাবদ্ধতা ছাড়াই সামরিক অভিযান পরিচালনা করতে পারবে ইরান।

মোহেবি জানান, ইরানের ক্ষেপণাস্ত্রের পাল্লা সর্বোচ্চ দুই হাজার কিলোমিটারের মধ্যে সীমাবদ্ধ রাখার নির্দেশ দিয়েছিলেন দেশটির প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। তবে বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি নির্দেশ দিলে ইউরোপে থাকা মার্কিন সামরিক স্থাপনাগুলোতেও হামলা চালানো সম্ভব।

আইআরজিসির এই মুখপাত্রের দাবি, এর আগে ইরান ৪ হাজার ৫০০ কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র সক্ষমতার প্রমাণ দিয়েছে। এই দূরত্বের মধ্যে ভারত মহাসাগরে অবস্থিত দিয়েগো গার্সিয়া দ্বীপও রয়েছে।

এদিকে, ইরানের বিরুদ্ধে ‘ডার্টি বোমা’ ব্যবহারের পরিকল্পনার অভিযোগ নিয়ে প্রশ্ন করা হলে তা প্রত্যাখ্যান করেন মোহেবি। তিনি বলেন, এসব অভিযোগ শত্রুপক্ষ ও ইহুদিবাদী শাসকগোষ্ঠীর মিথ্যা প্রচারণা। ইরান কোনো পদক্ষেপ নিতে চাইলে তা প্রকাশ্যেই ঘোষণা করবে।

যুক্তরাষ্ট্র ইরানের বাঁধে হামলা চালালে পাল্টা একই ধরনের জবাব দেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি।

মোহেবি আরও বলেন, বিশ্বের কোনো দেশে অবস্থিত সামরিক ঘাঁটি ব্যবহার করে যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে, তাহলে ওই দেশকেও সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হবে। এ বিষয়ে তেহরানের অবস্থান স্পষ্ট।

সূত্র: তাসনিম নিউজ

সর্বশেষ