২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসের অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক :
spot_img

বাংলাদেশের স্বাধীনতা অর্জন ও সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীর অবদান অবিস্মরণীয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বাংলাদেশের জন্মের ইতিহাসের সঙ্গে সশস্ত্র বাহিনীর ইতিহাস গভীরভাবে জড়িত। মুক্তিযুদ্ধের পাশাপাশি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় এ বাহিনীর সদস্যরা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন।

- Advertisement -

২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে শুক্রবার (২০ নভেম্বর) দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

বাণীতে তারেক রহমান বলেন, ১৯৭১ সালের ২১ নভেম্বর মুক্তিযুদ্ধের এক গুরুত্বপূর্ণ সময়ে সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা সম্মিলিতভাবে পাকিস্তানি দখলদার বাহিনীর বিরুদ্ধে পাল্টা আক্রমণ শুরু করেন। মুক্তিবাহিনী, আধাসামরিক বাহিনী ও দেশপ্রেমিক জনগণের সম্মিলিত অংশগ্রহণে যুদ্ধ নতুন গতি পায়। বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ইতিহাসে দিনটি তাই বিশেষ তাৎপর্য বহন করে। এ কারণেই প্রতিবছর ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস পালন করা হয়।

প্রধানমন্ত্রী আরও বলেন, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক তৎকালীন মেজর জিয়াউর রহমান সামরিক বাহিনীর কর্মকর্তা ছিলেন। দেশের স্বাধীনতার ইতিহাসে এটিও একটি গুরুত্বপূর্ণ ও গৌরবময় ঘটনা। সশস্ত্র বাহিনীর সব সদস্যকে দিবসটির শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি।

সশস্ত্র বাহিনীকে সাহস, শৃঙ্খলা ও দৃঢ় সংকল্পে গড়ে ওঠা জাতির গর্বিত প্রতিষ্ঠান হিসেবে উল্লেখ করে তারেক রহমান বলেন, ১৯৭১ সালের রণাঙ্গনে এ বাহিনীর সদস্যদের সাহসিকতা ইতিহাসে উজ্জ্বল হয়ে আছে। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় তাঁরা অতন্দ্র প্রহরীর দায়িত্ব পালন করছেন।

বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের সশস্ত্র বাহিনীর অবদানের কথাও তুলে ধরেন সরকারপ্রধান। তিনি বলেন, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি সদস্যদের সততা, দক্ষতা ও পেশাদারত্ব আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। প্রাকৃতিক দুর্যোগ ও জাতীয় সংকটের সময়ও সশস্ত্র বাহিনীর সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে জনগণের আস্থার প্রতীকে পরিণত হয়েছেন। ভবিষ্যতেও এ অবদান অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।

বাণীতে সাবেক সেনাপ্রধান ও রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের সামরিক বাহিনী আধুনিকায়নের উদ্যোগের কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, জিয়াউর রহমান সশস্ত্র বাহিনীকে সুশৃঙ্খল, ক্ষিপ্র, আধুনিক ও পেশাদার বাহিনী হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছিলেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শাসনামলেও এ আধুনিকায়ন অব্যাহত ছিল।

বর্তমান সরকার সশস্ত্র বাহিনীকে প্রযুক্তিনির্ভর, দক্ষ ও গতিশীল বাহিনী হিসেবে গড়ে তুলতে বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন করছে বলেও জানান তারেক রহমান। তাঁর ভাষায়, একটি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গৌরব ও সামরিক সক্ষমতার প্রতীক সশস্ত্র বাহিনী। বিভিন্ন সময়ে এ বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা হলেও দেশপ্রেমিক নেতৃত্ব ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় বাহিনীর অগ্রযাত্রা অব্যাহত রয়েছে।

২০২৪ সালের ফ্যাসিবাদবিরোধী গণঅভ্যুত্থানেও সশস্ত্র বাহিনীর ভূমিকার প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী বলেন, ওই আন্দোলনে বাহিনী দেশ ও জনগণের পক্ষে ইতিবাচক ভূমিকা রেখেছে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনেও বাংলাদেশি সদস্যরা দক্ষতা ও কর্মক্ষমতার স্বাক্ষর রাখছেন। শান্তিরক্ষী পাঠানোর ক্ষেত্রে বিশ্বের অন্যতম শীর্ষ দেশ হিসেবে বাংলাদেশের অবস্থান জাতির জন্য গৌরবের।

বাণীর শেষাংশে মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সাত বীরশ্রেষ্ঠসহ দেশমাতৃকার জন্য প্রাণ দেওয়া সশস্ত্র বাহিনীর সব সদস্যের প্রতি গভীর শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। বীরশ্রেষ্ঠরা হলেন—সিপাহী মোস্তফা কামাল, ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, সিপাহী হামিদুর রহমান, রুহুল আমিন, ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান, ল্যান্স নায়েক নুর মোহাম্মদ শেখ ও ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফ।

একই সঙ্গে সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষে নেওয়া সব কর্মসূচির সাফল্য কামনা করেন তিনি। সশস্ত্র বাহিনীর সদস্য ও তাঁদের পরিবারের সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণও কামনা করেন প্রধানমন্ত্রী।

সর্বশেষ