শেখ হাসিনার প্রত্যর্পণ আইনি বিষয়, গঙ্গা চুক্তি নিয়ে আলোচনা হবে: জয়সওয়াল

আন্তর্জাতিক ডেস্ক:
spot_img

বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ এবং গঙ্গা পানিচুক্তি নবায়ন নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়টি আইনি প্রক্রিয়ার মাধ্যমে সমাধান হবে। অন্যদিকে, গঙ্গার পানিবণ্টনসহ অভিন্ন নদীগুলোর বিষয়ে আলোচনার জন্য দুই দেশের যৌথ নদী কমিশনই একমাত্র প্রাতিষ্ঠানিক কাঠামো।

- Advertisement -

শুক্রবার নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে এসব বিষয়ে কথা বলেন মুখপাত্র রণধীর জয়সওয়াল।

বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে নাশকতার অভিযোগ নিয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেন, বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক বজায় রাখার বিষয়ে ভারতের অবস্থান আগের মতোই রয়েছে। দুই দেশের অভিন্ন ইতিহাস ও সাংস্কৃতিক বন্ধনের ভিত্তিতে এ সম্পর্ক এগিয়ে নিতে চায় নয়াদিল্লি। তবে বাংলাদেশের অভ্যন্তরীণ ঘটনাবলি নিয়ে নতুন করে কোনো মন্তব্য করতে চাননি তিনি।

ব্রিফিংয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণে বাংলাদেশ সরকারের অনুরোধের অগ্রগতি সম্পর্কেও জানতে চান সাংবাদিকরা। জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘শেখ হাসিনার প্রত্যর্পণ একটি আইনি বিষয়। আইনিভাবেই বিষয়টির সমাধান হবে।’

এদিকে আগামী ১২ ডিসেম্বর বাংলাদেশ ও ভারতের মধ্যে স্বাক্ষরিত গঙ্গা পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে। চুক্তি নবায়ন নিয়ে দুই দেশের মধ্যে কোনো অগ্রগতি হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে জয়সওয়াল যৌথ নদী কমিশনের ভূমিকার কথা তুলে ধরেন।

তিনি বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে যৌথ নদী কমিশন রয়েছে। গঙ্গাসহ দুই দেশের অভিন্ন নদীগুলো নিয়ে আলোচনা করার জন্য এটিই একমাত্র প্রাতিষ্ঠানিক ও কাঠামোবদ্ধ ব্যবস্থা। ভারতের নিজস্ব স্বার্থ সুরক্ষিত রেখেই বাংলাদেশের সঙ্গে গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক এগিয়ে নিতে চায় নয়াদিল্লি। আন্তসীমান্ত নদীর পানিবণ্টন নিয়ে আলোচনা এই কমিশনের কাঠামোর মধ্যেই পরিচালিত হবে।

এর আগে গত বৃহস্পতিবার লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন শেষে জেলা বিএনপি আয়োজিত জনসভায় বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে কোনো দেশের নাম উল্লেখ না করে তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ দেশের মানুষের স্বার্থ রক্ষা করেনি। সীমান্তের ওপারে আশ্রয় নেওয়া নেতাকর্মীরা তাদের আশ্রয়দাতাদের খুশি করতে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।

প্রধানমন্ত্রীর ওই বক্তব্যের পরিপ্রেক্ষিতেই বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে নাশকতার অভিযোগ নিয়ে ভারতের অবস্থান জানতে চান সাংবাদিকরা।

তবে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে সরাসরি কোনো মন্তব্য না করে দুই দেশের সম্পর্ক ইতিবাচক রাখার অবস্থান পুনর্ব্যক্ত করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে শেখ হাসিনার প্রত্যর্পণ ও গঙ্গা পানিচুক্তি—দুটি গুরুত্বপূর্ণ বিষয়ে আইনি প্রক্রিয়া এবং বিদ্যমান দ্বিপক্ষীয় কাঠামোর ওপর গুরুত্ব দিয়েছে নয়াদিল্লি।

সর্বশেষ