চট্টগ্রামকে আঞ্চলিক অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার বড় পরিকল্পনা নিয়েছে সরকার। এ লক্ষ্য অর্জনে চট্টগ্রাম বন্দর, বিমানবন্দর, গভীর সমুদ্রবন্দর ও জ্বালানি অবকাঠামোর উন্নয়নে বিনিয়োগ বাড়ানো হচ্ছে। এসব পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে চট্টগ্রামের রেলওয়ে পলোগ্রাউন্ডে ৩২তম চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলা (সিআইটিএফ)-২০২৬ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, চট্টগ্রাম বন্দরকে কেন্দ্র করেই শুধু এ অঞ্চলের নয়, পুরো বাংলাদেশের অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। তাই চট্টগ্রামকে কেবল বাণিজ্যিক রাজধানী হিসেবে সীমাবদ্ধ না রেখে আরও বড় পরিসরে অর্থনৈতিক হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার। এ জন্য বন্দরের পরিচালনায় বেসরকারি খাতের অংশগ্রহণ বাড়ানো হচ্ছে, যাতে আন্তর্জাতিক মানের দক্ষতা ও সেবা নিশ্চিত করা যায়।
চট্টগ্রামের সম্ভাবনা কাজে লাগানোর পরিকল্পনা তুলে ধরে আমির খসরু বলেন, চট্টগ্রাম বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার লক্ষ্যে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সঙ্গে প্রাথমিক কার্যক্রম শেষ হয়েছে। শিগগিরই উন্নয়নকাজ শুরু হবে। বিমানবন্দরে কার্গো ভিলেজ, কোল্ড চেইন সংরক্ষণাগার ও আধুনিক লজিস্টিক সুবিধা গড়ে তোলা হবে। পাশাপাশি দুবাইয়ের জেবেল আলী ফ্রি পোর্টের আদলে ২০০ থেকে ৩০০ একর জায়গায় ওয়্যারহাউস নির্মাণের পরিকল্পনা রয়েছে।
গভীর সমুদ্রবন্দর নির্মাণের বিষয়ে তিনি বলেন, নদীবন্দর হিসেবে চট্টগ্রাম বন্দরের সক্ষমতার কিছু সীমাবদ্ধতা রয়েছে। তা কাটিয়ে উঠতে মহেশখালী ও খুলনায় গভীর সমুদ্রবন্দর নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এসব বন্দরে ১৫ থেকে ২০ মিটার ড্রাফটের বড় জাহাজ ভেড়ানোর সুযোগ তৈরি হবে।
জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার পরিকল্পনা তুলে ধরে মন্ত্রী জানান, দুটি নতুন ভাসমান তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনাল আনার উদ্যোগ নেওয়া হয়েছে। মহেশখালীতে দক্ষিণ কোরিয়া ও জাপানের কোম্পানিগুলো স্থলভিত্তিক গ্যাস অবকাঠামো নিয়ে কাজ করছে। এসব প্রকল্প বাস্তবায়নে আরও প্রায় দুই বছর সময় লাগবে।
দেশের অর্থনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে আমির খসরু বলেন, অতীতের দুর্নীতির কারণে বড় অঙ্কের ঋণের বোঝা তৈরি হয়েছে। ব্যাংকিং খাত ও পুঁজিবাজারের সংস্কার করতে হচ্ছে। এর মধ্যে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে উচ্চমূল্যে জ্বালানি আমদানি করতে হচ্ছে। ফলে রাতারাতি অর্থনৈতিক সংকটের সমাধান সম্ভব নয়। তবে এসব চ্যালেঞ্জের মধ্যেও সরকার বড় উন্নয়ন পরিকল্পনা হাতে নিয়েছে।
তিনি বলেন, ভালো ও লাভজনক প্রকল্প নেওয়া গেলে অর্থায়নের সংকট থাকে না। এ বিবেচনায় সরকার উন্নয়ন পরিকল্পনা সাজাচ্ছে। জাপান, দক্ষিণ কোরিয়াসহ বিভিন্ন দেশের বিনিয়োগকারীরা বাংলাদেশে আসছেন। আন্তর্জাতিক বিনিয়োগকারীদের মধ্যেও আগ্রহ বাড়ছে।
চট্টগ্রামের উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতার প্রসঙ্গ তুলে ধরে অর্থমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর পূর্ণ সমর্থনে এ অঞ্চলের সম্ভাবনা কাজে লাগানোর পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। এডিবির সঙ্গে ৮০ বিলিয়ন ডলারের ডেভেলপমেন্ট ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট হয়েছে। চট্টগ্রামের লজিস্টিক সেন্টার, বিমানবন্দর ও হেলথ সিটি প্রকল্পে এডিবির সমর্থন রয়েছে। এ ছাড়া বিশ্বব্যাংক, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ), জাইকা, দক্ষিণ কোরিয়া ও ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক উন্নয়ন অর্থায়নে যুক্ত হবে।
ব্যবসায়ীদের উদ্দেশে আমির খসরু বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন শুধু সরকারের একার দায়িত্ব নয়। এ ক্ষেত্রে ব্যবসায়ীসহ সমাজের সব শ্রেণির মানুষকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে। অর্থনৈতিক অগ্রগতির পথে যারা বাধা সৃষ্টি করবে, তাদের সম্মিলিতভাবে প্রতিহত করতে হবে।
তিনি আরও বলেন, শুধু রাজনৈতিক গণতন্ত্র দিয়ে একটি দেশ এগিয়ে যেতে পারে না; অর্থনীতিতেও গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। যাতে দেশের প্রতিটি মানুষ অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশ নিতে পারে এবং উন্নয়নের সুফল ভোগ করতে পারে।
মেলায় ৩০০টির বেশি প্রতিষ্ঠান
এবারের চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ২০টি প্যাভিলিয়ন ও ২১৬টি স্টলে ৩০০টির বেশি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। ভারত, পাকিস্তান, চীন ও থাইল্যান্ডের উদ্যোক্তারাও মেলায় পণ্য ও সেবা নিয়ে অংশ নিয়েছেন। প্রায় চার লাখ বর্গফুট জায়গাজুড়ে আয়োজিত এ মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে। প্রবেশ টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩০ টাকা।
দর্শনার্থীদের জন্য মেলায় ফুড জোন, শিশুদের দুটি প্লে জোন, নামাজের স্থান, উন্নত টয়লেট ও মেডিকেল ক্যাম্পের ব্যবস্থা রাখা হয়েছে। নিরাপত্তায় পুলিশ, বেসরকারি নিরাপত্তাকর্মী ও গোয়েন্দা সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করবেন। পাশাপাশি সিসিটিভি ক্যামেরা ও অগ্নিনির্বাপণ ব্যবস্থাও রাখা হয়েছে।
মেলা চলাকালে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনারদের আমন্ত্রণ জানানোর পরিকল্পনা রয়েছে আয়োজকদের। এ ছাড়া সেরা প্যাভিলিয়ন, স্টল ও দেশীয় পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে পদক ও সনদ দেওয়া হবে। কয়েকটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানকে বিনা মূল্যে স্টল বরাদ্দ দেওয়া হয়েছে।
এর আগে সংবাদ সম্মেলনে চট্টগ্রাম চেম্বারের সভাপতি আমিরুল হক জানান, একটি আন্তর্জাতিক বাণিজ্য মেলার আয়োজন করতে ছয় থেকে আট মাস সময় প্রয়োজন হয়। মাঠ বরাদ্দ ও অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর প্রস্তুতির বিষয় বিবেচনায় নিয়ে এবারের আয়োজন করা হয়েছে। আগামী ফেব্রুয়ারিতে রমজান শুরু হওয়ায় ডিসেম্বরের মধ্যেই মেলা শেষ করার পরিকল্পনা রয়েছে।
১৯৯৩ সাল থেকে দেশীয় পণ্যের প্রচার ও প্রসারে চট্টগ্রাম চেম্বার এ মেলার আয়োজন করে আসছে। তবে গত দুই বছর মেলা অনুষ্ঠিত হয়নি। এবার বিরতির পর মেলা আয়োজন করায় বৃহত্তর চট্টগ্রাম থেকে বিপুলসংখ্যক দর্শনার্থীর সমাগম হবে বলে আশা করছেন আয়োজকেরা।
দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিসিসিআই) আয়োজনে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক শাহাদাত হোসেন। এ ছাড়া উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান, চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান বেলায়েত হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

