সশস্ত্র বাহিনী দিবস: শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক :
spot_img

মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর শহীদ সদস্যদের স্মরণে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২১ নভেম্বর) সকালে ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবসের কর্মসূচির শুরুতে তাঁরা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

- Advertisement -

পুষ্পস্তবক অর্পণের পর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। পরে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন নিজ নিজ বাহিনীর পক্ষ থেকে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন।

দিবসটি উপলক্ষে তিন বাহিনীর প্রধানের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে পৃথক সৌজন্য সাক্ষাতের কর্মসূচি রয়েছে। তাঁরা সশস্ত্র বাহিনী বিভাগে প্রধানমন্ত্রীর সঙ্গে এবং বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন।

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাজধানীসহ দেশের বিভিন্ন সেনানিবাস, নৌঘাঁটি ও বিমানবাহিনীর ঘাঁটিতে নানা কর্মসূচি পালন করা হচ্ছে। দিনের শুরুতে ফজরের নামাজের পর এসব স্থাপনার মসজিদে দেশের শান্তি, সমৃদ্ধি এবং সশস্ত্র বাহিনীর উত্তরোত্তর উন্নতি কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

দিবসটির অন্যতম কর্মসূচি হিসেবে ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে নির্বাচিত খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেওয়ার পাশাপাশি তাঁদের সঙ্গে কুশল বিনিময় করবেন তিনি।

এ অনুষ্ঠানে মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আহমেদ আযম খান, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম শামছুল ইসলাম, তিন বাহিনীর প্রধানসহ সামরিক ও বেসামরিক পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিত থাকার কথা রয়েছে।

এদিকে, বিকেল ৪টায় ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আয়োজিত এ অনুষ্ঠানে সশস্ত্র বাহিনীর বর্তমান ও সাবেক কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা, বিশিষ্ট নাগরিক এবং বিভিন্ন দেশের কূটনীতিকরা অংশ নেবেন।

সংবর্ধনায় বীরশ্রেষ্ঠ ও সশস্ত্র বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের উত্তরাধিকারীদের পাশাপাশি জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য, আহত ব্যক্তি এবং বিডিআর হত্যাকাণ্ডে শহীদ সেনা সদস্যদের উত্তরাধিকারীদের আমন্ত্রণ জানানো হয়েছে। অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে।

মুক্তিযুদ্ধের ইতিহাসে ২১ নভেম্বরের তাৎপর্য

১৯৭১ সালের ২১ নভেম্বর বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন। এদিন স্থল, নৌ ও আকাশপথে সমন্বিতভাবে পাকিস্তানি হানাদার বাহিনীর বিভিন্ন অবস্থানে আক্রমণ চালায় বাংলাদেশের সশস্ত্র বাহিনী। মুক্তিযুদ্ধের চূড়ান্ত পর্যায়ে এই সম্মিলিত সামরিক অভিযানের মধ্য দিয়ে তিন বাহিনীর সমন্বিত ভূমিকা আরও সুসংহত হয়।

এর আগে দীর্ঘ সময় ধরে মুক্তিযোদ্ধারা গেরিলা আক্রমণ ও বিভিন্ন প্রতিরোধ অভিযানের মাধ্যমে পাকিস্তানি বাহিনীকে দুর্বল করে আসছিলেন। ২১ নভেম্বরের সমন্বিত আক্রমণ মুক্তিযুদ্ধকে নতুন গতি দেয়। সামরিক অভিযানের ধারাবাহিকতায় ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে অর্জিত হয় বাংলাদেশের চূড়ান্ত বিজয়।

মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর সদস্যদের আত্মত্যাগ, সাহসিকতা ও অবদান স্মরণে প্রতিবছর ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস পালন করা হয়। দিবসটি দেশের স্বাধীনতা অর্জনে সেনা, নৌ ও বিমানবাহিনীর সম্মিলিত ভূমিকার পাশাপাশি মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাসকে স্মরণ করিয়ে দেয়।

সর্বশেষ