দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং সম্ভাব্য সহিংসতা ও বিশৃঙ্খলা মোকাবিলায় আট জেলা ও ঢাকা মহানগরীতে ৯০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। পাশাপাশি পরিস্থিতি বিবেচনায় আরও চার প্লাটুন বিজিবি সদস্য প্রস্তুত রাখা হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, মোতায়েন করা বিজিবি সদস্যদের মধ্যে ঢাকা জেলায় ১৮ প্লাটুন, ঢাকা মহানগরীতে ৫ প্লাটুন, নারায়ণগঞ্জে ৬ প্লাটুন, গাজীপুরে ১৫ প্লাটুন, গোপালগঞ্জে ২৯ প্লাটুন, ময়মনসিংহে ২ প্লাটুন, ফরিদপুরে ৫ প্লাটুন এবং কক্সবাজারে ৬ প্লাটুন রয়েছে।
জেলাগুলোর মধ্যে সবচেয়ে বেশি ২৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে গোপালগঞ্জে। এরপর ঢাকায় ১৮ এবং গাজীপুরে ১৫ প্লাটুন সদস্য দায়িত্ব পালন করছেন।
বিজিবি জানিয়েছে, মোতায়েন করা সদস্যরা সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করবেন। গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চল ও স্পর্শকাতর এলাকায় নিরাপত্তা ও নজরদারি বাড়ানো হবে। একই সঙ্গে বিশৃঙ্খলা, সহিংসতা এবং জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ যেকোনো কর্মকাণ্ড প্রতিরোধে কাজ করবেন তাঁরা।
এদিকে, মাঠপর্যায়ে নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণে প্রযুক্তিনির্ভর নজরদারিও জোরদার করেছে বিজিবি। বাহিনীর সদর দপ্তরের মনিটরিং সেল থেকে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও অন্যান্য আধুনিক প্রযুক্তির মাধ্যমে পাওয়া সরাসরি ভিডিওচিত্র সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।
বিজিবির ভাষ্য অনুযায়ী, মাঠপর্যায়ের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ এবং সংশ্লিষ্ট বাহিনীগুলোর মধ্যে সমন্বয় নিশ্চিত করতেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রয়োজনে প্রস্তুত রাখা অতিরিক্ত চার প্লাটুনও মোতায়েন করা হবে।

