ময়মনসিংহে নিষিদ্ধ সংগঠনের মিছিলে ১০০ টাকার বিনিময়ে কিশোরদের অংশগ্রহণ, আটক ৬

নিজস্ব প্রতিবেদক :
spot_img

ময়মনসিংহে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের মিছিলে অংশ নেওয়ার অভিযোগে কিশোর গ্যাংয়ের সন্দেহভাজন ছয় সদস্যকে আটক করেছে পুলিশ। প্রাথমিক অনুসন্ধানে পুলিশ জানতে পেরেছে, মিছিলে অংশ নিতে প্রত্যেক কিশোরকে ১০০ টাকা করে দেওয়া হয়েছিল। মিছিলের নেপথ্যে কারা রয়েছে, অর্থের জোগানদাতা কে এবং কোনো নাশকতার পরিকল্পনা ছিল কি না, তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

- Advertisement -

শুক্রবার (২০ নভেম্বর) বিকেল ৫টার দিকে নগরীর কোতোয়ালি মডেল থানার কাশর বোররচর ভবনের সামনের তিন রাস্তার মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, ওই এলাকায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের কয়েকজনের নেতৃত্বে মিছিল বের হওয়ার খবর পেয়ে অভিযান চালানো হয়। কোতোয়ালি মডেল থানার ২ নম্বর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক সেলিমের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মিছিলে অংশ নেওয়ার অভিযোগে ছয় কিশোরকে আটক করে।

আটক ব্যক্তিরা হলেন মাহমুদ মুক্তাদির (১৬), সাকিবুল হাসান (১৭), ইয়াসিন আরাফাত (১৬), মো. রোমান (১৫), সানজিদুল হাসান রিহান (১৪) ও সানজিদ (১৬)।

আটক কিশোরদের মধ্যে দুজন নবম ও দশম শ্রেণির শিক্ষার্থী। বাকিরা বিভিন্ন পেশায় যুক্ত। তাদের কেউ মোবাইল ফোন সার্ভিসিং, কেউ অটোরিকশা সার্ভিসিংয়ের কাজ করে। অন্য দুজনের একজন বাসের হেলপার এবং অপরজন জুতার দোকানে কাজ করে।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের পলাতক সদস্য হিসেবে চিহ্নিত জাবির, আবিদ ও মাইনসহ অজ্ঞাতপরিচয় কয়েকজনের নেতৃত্বে মিছিলটির আয়োজন করা হয়। এতে অংশ নিতে প্রত্যেক কিশোরকে ১০০ টাকা করে দেওয়া হয়েছিল। মিছিল থেকে ‘জয় বাংলা’ স্লোগানও দেওয়া হয় বলে জানিয়েছে পুলিশ।

তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, মিছিলের জন্য অর্থ কোথা থেকে এসেছে, কারা কিশোরদের অর্থ দিয়েছে এবং আয়োজকদের সঙ্গে পলাতক সদস্যদের কী ধরনের যোগাযোগ রয়েছে, সেসব বিষয় অনুসন্ধান করা হচ্ছে। একই সঙ্গে মিছিলের আড়ালে কোনো নাশকতা বা অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডের পরিকল্পনা ছিল কি না, তা-ও যাচাই করা হচ্ছে। এ ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না, তা শনাক্তে তদন্ত চলছে।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ তৎপর রয়েছে। নাশকতা ও অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড প্রতিরোধে মাঠপর্যায়ে অভিযান চালানোর পাশাপাশি গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে।

তিনি আরও বলেন, কিশোরদের অপরাধমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার পেছনে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর সংশ্লিষ্টতা পাওয়া গেলে তথ্যপ্রমাণের ভিত্তিতে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশের তদন্তে এখন মূলত তিনটি বিষয় গুরুত্ব পাচ্ছে—কিশোরদের মিছিলে যুক্ত করার পেছনে কারা রয়েছে, ১০০ টাকা করে দেওয়ার অর্থের উৎস কী এবং মিছিলকে কেন্দ্র করে কোনো বড় ধরনের নাশকতার পরিকল্পনা ছিল কি না।

সর্বশেষ