হরমুজ প্রণালিতে এক সপ্তাহে ৬ তেলবাহী জাহাজে হামলা, কমেছে চলাচল

আন্তর্জাতিক ডেস্ক:
spot_img

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালিতে নিরাপত্তা ঝুঁকি ক্রমেই বাড়ছে। মাত্র এক সপ্তাহের ব্যবধানে প্রণালি ও পার্শ্ববর্তী পারস্য উপসাগরে ছয়টি তেলবাহী জাহাজ হামলার শিকার হয়েছে। ধারাবাহিক এসব হামলার প্রভাবে গুরুত্বপূর্ণ এই নৌপথে জাহাজ চলাচল উল্লেখযোগ্য হারে কমে গেছে। যুদ্ধ শুরুর আগের সময়ের তুলনায় বর্তমানে হরমুজ প্রণালি দিয়ে নৌযান চলাচল কমেছে প্রায় ৬৫ শতাংশ।

- Advertisement -

শুক্রবার প্রকাশিত সাপ্তাহিক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও)। সংস্থাটির তথ্য অনুযায়ী, গত ১২ থেকে ১৮ নভেম্বরের মধ্যে হরমুজ প্রণালিতে চারটি এবং পারস্য উপসাগরে দুটি জাহাজ হামলার শিকার হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, ছয়টি ঘটনার মধ্যে দুটি জাহাজকে জরুরি সহায়তা নিতে হয়েছে। বাকি চারটি ঘটনার পরিণতি সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। তবে এসব হামলায় কোনো জাহাজ ডুবে যাওয়ার খবর পাওয়া যায়নি।

সর্বশেষ উল্লেখযোগ্য হামলার ঘটনা ঘটে গত ১৭ নভেম্বর। ওমানের খাসাব শহরের উত্তরে একটি তেলবাহী ট্যাংকারে অজ্ঞাত বস্তু দিয়ে হামলা চালানো হয়। এতে জাহাজটির একজন ক্রু সদস্য নিখোঁজ হন এবং আহত হন আরও ১১ জন। হামলার পর ট্যাংকারটিতে আগুন ধরে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পরে ক্রুদের নিরাপদে সরিয়ে নেওয়া হয় এবং জাহাজটি টেনে বন্দরের দিকে নিয়ে যাওয়া হয়। তবে হামলার সঙ্গে কারা জড়িত, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য দেয়নি ইউকেএমটিও।

এদিকে হামলার পাশাপাশি হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের সংখ্যাও কমছে। ইউকেএমটিওর পরিসংখ্যান অনুযায়ী, গত সাত দিনে এই নৌপথ দিয়ে ১১৫টি জাহাজ বেরিয়ে গেছে এবং প্রবেশ করেছে ১৪৮টি। অথচ এর আগের সপ্তাহে বেরিয়ে যাওয়া জাহাজের সংখ্যা ছিল ১৩৯ এবং প্রবেশ করেছিল ১৬৯টি। অর্থাৎ এক সপ্তাহের ব্যবধানে প্রবেশ ও বহির্গমন—দুই ক্ষেত্রেই জাহাজ চলাচল কমেছে।

পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় হরমুজ প্রণালি ও আশপাশের জলসীমায় নিরাপত্তা ঝুঁকিকে অত্যন্ত গুরুতর পর্যায়ে রেখেছে জয়েন্ট মেরিটাইম ইনফরমেশন সেন্টার (জেএমআইসি)। সংস্থাটির মূল্যায়নে বলা হয়েছে, ওই অঞ্চলে নতুন করে হামলার আশঙ্কা প্রবল।

বিশ্বের জ্বালানি সরবরাহ ব্যবস্থায় হরমুজ প্রণালির গুরুত্ব অত্যন্ত বেশি। আন্তর্জাতিক বাজারে সরবরাহ করা বিপুল পরিমাণ অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) এই নৌপথ দিয়ে পরিবহন করা হয়। ফলে এখানে জাহাজ চলাচল ব্যাহত হলে জ্বালানি সরবরাহ, আন্তর্জাতিক পণ্য পরিবহন ও বৈশ্বিক বাণিজ্যে প্রভাব পড়তে পারে।

বিশ্লেষকদের আশঙ্কা, হরমুজ প্রণালিতে হামলার ঘটনা অব্যাহত থাকলে জাহাজ চলাচলে আরও বিধিনিষেধ তৈরি হতে পারে। এতে তেল ও গ্যাস সরবরাহে অনিশ্চয়তা বাড়বে। দীর্ঘস্থায়ী অচলাবস্থা তৈরি হলে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বৃদ্ধি এবং বিশ্ব অর্থনীতিতে নতুন চাপ সৃষ্টির আশঙ্কাও রয়েছে।

তথ্যসূত্র: আল-জাজিরা

সর্বশেষ