বগুড়ার নন্দীগ্রামে মশাল মিছিল বের করে বিএনপির নেতাকর্মীদের ধাওয়ার মুখে মশাল ও ককটেল ফেলে পালিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে আটটি জ্বলন্ত মশাল ও একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২০ নভেম্বর) রাত ১১টার দিকে উপজেলার রনবাঘা বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১১টার দিকে আওয়ামী লীগের ২০ থেকে ২৫ জন নেতাকর্মী রনবাঘা বাইপাস এলাকার একটি সড়কে মশাল মিছিল বের করেন। মিছিলটি বগুড়া-নাটোর মহাসড়কের দিকে অগ্রসর হচ্ছিল। এ সময় মিছিলের খবর পেয়ে বিএনপির নেতাকর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাঁদের ধাওয়া করেন।
ধাওয়ার মুখে মিছিলকারীরা দুটি ককটেল বিস্ফোরণ ঘটান। পরে সঙ্গে থাকা মশাল ও ককটেল ফেলে পাশের গ্রামের ভেতরে পালিয়ে যান তাঁরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটটি জ্বলন্ত মশাল ও একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে।
নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিএনপির নেতাকর্মীদের ধাওয়ার মুখে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা গ্রামের ভেতরে পালিয়ে যান। নাশকতার উদ্দেশ্যে তাঁরা মিছিল বের করেছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ওসি আরও জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

