পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সিলেটের বাসভবনে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, ফ্যাসিস্টদের বাংলাদেশের মাটিতে আর কখনো স্থান হবে না। দেশজুড়ে অরাজকতা ও সহিংসতা বন্ধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।
শনিবার (২১ নভেম্বর) দলের সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানান রিজভী।
বিবৃতিতে তিনি বলেন, শুক্রবার ভোরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীরা পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সিলেটের বাসভবনে হামলা চালায়। এ ঘটনাকে ন্যক্কারজনক ও কাপুরুষোচিত উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে থাকা দুষ্কৃতকারীরা আবারও দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। বিচ্ছিন্নভাবে মানুষ হত্যা, অগ্নিসংযোগ ও বিভিন্ন অপকর্মের মাধ্যমে জনগণের ভোটে নির্বাচিত গণতান্ত্রিক সরকারকে উৎখাতের পরিকল্পনা করছে তারা।
রিজভী বলেন, এসব সহিংস কর্মকাণ্ডের মধ্য দিয়ে আওয়ামী ফ্যাসিস্টদের পুরোনো চেহারাই আবারও প্রকাশ পাচ্ছে। বিএনপি সরকারের সহনশীলতাকে দুর্বলতা মনে করলে তা হবে নির্বুদ্ধিতা। পেট্রোল বোমা নিক্ষেপ করে সরকারকে ভয় দেখানো যাবে না।
তিনি আরও বলেন, দেশের মানুষের জানমাল রক্ষায় সরকার যেকোনো মূল্যে ফ্যাসিস্টদের দমনে কঠোর অবস্থান নেবে। এখন আর ধৈর্য দেখানোর সুযোগ নেই। জুলাই-আগস্টে ব্যাপক নির্যাতন ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের অনুশোচনার অভাবের কথাও উল্লেখ করেন তিনি। তাঁর দাবি, এ ধরনের শাসকগোষ্ঠীকে বাংলাদেশের জনগণ আর কখনো মেনে নেবে না।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দল-মতনির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপির এই নেতা। তিনি বলেন, গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সব শ্রেণি-পেশার মানুষকে একসঙ্গে কাজ করতে হবে।
রিজভী বলেন, গণতান্ত্রিক পরিবেশ অক্ষুণ্ন রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং আইনের শাসন প্রতিষ্ঠায় বিএনপি সরকার প্রতিশ্রুতিবদ্ধ। কোনো চক্রান্তকারী যাতে সহিংসতা ও নাশকতার মাধ্যমে দেশের পরিস্থিতি অস্থিতিশীল করতে না পারে, সে জন্য গণতান্ত্রিক শক্তিকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
বিবৃতির শেষাংশে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসভবনে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান রুহুল কবির রিজভী।

