সাত জেলায় নিরাপত্তায় ৪৯ প্লাটুন আনসার মোতায়েন, গোপালগঞ্জে বাড়তি ৭ প্লাটুন

নিজস্ব প্রতিবেদক :
spot_img

দেশের সাত জেলায় জননিরাপত্তা নিশ্চিত করা এবং গুরুত্বপূর্ণ স্থাপনা ও রাষ্ট্রীয় সম্পদের সুরক্ষায় ৪৯ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। এর মধ্যে গোপালগঞ্জে নতুন করে সাত প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে। এ নিয়ে জেলাটিতে দায়িত্ব পালন করছেন মোট ১৫ প্লাটুন আনসার সদস্য।

- Advertisement -

শনিবার (২১ নভেম্বর) বাহিনীর সহকারী পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. নাজমুস সাকিব এ তথ্য জানান।

তিনি জানান, গোপালগঞ্জ ছাড়াও সাত জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় আনসার সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। এর মধ্যে গাজীপুরে ১৩ প্লাটুন, ফরিদপুরে পাঁচ প্লাটুন, নারায়ণগঞ্জে চার প্লাটুন, খুলনায় চার প্লাটুন, মাদারীপুরে চার প্লাটুন এবং শরীয়তপুরে চার প্লাটুন সদস্য মোতায়েন রয়েছেন।

মোতায়েন করা সদস্যদের দায়িত্বের মধ্যে রয়েছে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা, গুরুত্বপূর্ণ স্থাপনা ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষা, মহাসড়কে যান চলাচল সচল রাখা এবং শিল্পাঞ্চলে উৎপাদন কার্যক্রম নির্বিঘ্ন রাখা।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জনসংযোগ কর্মকর্তা জানান, সদস্যরা নিয়মিত টহল, স্থির নিরাপত্তা দায়িত্ব এবং মোবাইল মুভমেন্টের মাধ্যমে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা, জনসমাগমস্থল ও কৌশলগত পয়েন্টে নজরদারি করছেন। পাশাপাশি সম্ভাব্য অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় তাঁদের সতর্ক অবস্থানে রাখা হয়েছে।

সংশ্লিষ্ট রেঞ্জের উপমহাপরিচালক, জেলা কমান্ড্যান্ট ও ব্যাটালিয়ন অধিনায়কদের তত্ত্বাবধানে এসব নিরাপত্তা কার্যক্রম পরিচালিত হচ্ছে।

সর্বশেষ