জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে কাজ করবে বিএনপি সরকার: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

নিজস্ব প্রতিবেদক :
spot_img

দেশের মানুষের কল্যাণ ও প্রত্যাশা পূরণে বিএনপি সরকার কাজ করবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, দেশের মানুষের জন্য যা ভালো, সরকার সেটিই করবে। দেশের বাইরে তাঁদের অন্য কোনো ঠিকানা নেই। এ দেশেই থাকবেন এবং দেশের মানুষের কল্যাণে কাজ করে যাবেন।

- Advertisement -

প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য গাইবান্ধা সফর ঘিরে শনিবার (২১ নভেম্বর) গোবিন্দগঞ্জে বিভিন্ন কর্মসূচির স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এ সময় ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন তাঁর সঙ্গে ছিলেন।

আগামী ৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের গাইবান্ধার গোবিন্দগঞ্জ সফরের কথা রয়েছে। সফর সামনে রেখে শনিবার সকাল ১১টার দিকে প্রতিমন্ত্রী মীর শাহে আলম গোবিন্দগঞ্জে পৌঁছে প্রধানমন্ত্রীর সম্ভাব্য কর্মসূচির স্থানগুলো ঘুরে দেখেন।

পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি জানান, পরিকল্পনা অনুযায়ী প্রস্তুতি সম্পন্ন হলে আগামী ৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে আসবেন এবং নির্ধারিত কর্মসূচিতে অংশ নেবেন। সফর সফল করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।

সম্ভাব্য কর্মসূচি অনুযায়ী, সফরে প্রধানমন্ত্রী করতোয়া নদী খনন কার্যক্রমের উদ্বোধন করবেন। এ ছাড়া ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ, ধর্মীয় প্রতিষ্ঠানপ্রধানদের সম্মানি প্রদান এবং বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের উদ্বোধনের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি দুটি পথসভায় তাঁর বক্তব্য দেওয়ার কর্মসূচিও বিবেচনায় রয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর এ সফরের মাধ্যমে গোবিন্দগঞ্জের উন্নয়ন, করতোয়া নদী খনন এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে সরকারের অঙ্গীকারের প্রতিফলন ঘটবে। ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মাধ্যমে সাধারণ পরিবার ও কৃষকদের কল্যাণে নেওয়া উদ্যোগগুলো বাস্তবায়নেও গতি আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সরকার জনগণের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে কাজ করবে উল্লেখ করে মীর শাহে আলম বলেন, দেশের মানুষের স্বার্থ ও কল্যাণই সরকারের কাছে অগ্রাধিকার পাবে।

সর্বশেষ