সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী, আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ লক্ষ্য অর্জনে কার্যকর পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সেনা, নৌ ও বিমানবাহিনীর প্রধানরা। সাক্ষাৎকালে তারা নিজ নিজ বাহিনীর বিভিন্ন কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।
সাক্ষাৎ অনুষ্ঠানে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপতি বলেন, সশস্ত্র বাহিনী দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় গৌরবের প্রতীক। দেশের অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা এবং গণতন্ত্র সমুন্নত রাখতে এ বাহিনী দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
তিনি আরও বলেন, জাতির প্রতিটি সংকটময় মুহূর্তে সশস্ত্র বাহিনী জনগণের পাশে দাঁড়িয়েছে। গণতন্ত্রের প্রতি তিন বাহিনীর আস্থা ও শ্রদ্ধা রাষ্ট্রের অন্তর্নিহিত শক্তির অন্যতম ভিত্তি।
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বাহিনীর সব সদস্য ও তাদের পরিবারের সদস্যদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান রাষ্ট্রপতি। তিনি আশা প্রকাশ করেন, পেশাগত দক্ষতা ও সক্ষমতা বাড়ানোর মাধ্যমে সশস্ত্র বাহিনীর সদস্যরা ভবিষ্যতেও দেশ গঠন, জাতীয় উন্নয়ন ও অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।
এ সময় বঙ্গভবনের সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন।

