বিকাশের ২ কোটি ৩০ লাখ টাকা ডাকাতি: দেড় মাস পর ছাত্রলীগ নেতা ইমরানসহ গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক :
spot_img

গাজীপুরের শ্রীপুরে বিকাশের কর্মকর্তাদের গুলি করে ২ কোটি ৩০ লাখ টাকা ডাকাতির ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগের জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ইমরান শেখসহ দুজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। ঘটনার প্রায় দেড় মাস পর মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও গাজীপুরের শ্রীপুরে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় ডাকাতিতে ব্যবহৃত একটি বিদেশি পিস্তল ও একটি খালি ম্যাগাজিন উদ্ধার করেছে পুলিশ।

- Advertisement -

শনিবার (২১ নভেম্বর) গাজীপুর জেলা পুলিশের ডিআইও-১ আবুল বাশার এ তথ্য জানান।

পুলিশ জানায়, গত বুধবার (১৯ নভেম্বর) মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানার গিয়াসনগর এলাকা থেকে ইমরান শেখকে গ্রেপ্তার করা হয়। পরদিন বৃহস্পতিবার (২০ নভেম্বর) শ্রীপুরের কেওয়া পশ্চিমখণ্ডের চন্নাপাড়া আশ্রয়ণ প্রকল্প এলাকায় অভিযান চালিয়ে তাঁর সহযোগী মো. রবিন আহমেদকে গ্রেপ্তার করা হয়।

মামলার বিবরণ অনুযায়ী, গত ৯ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নরসিংদীর বিভিন্ন বিকাশ এজেন্টের কাছ থেকে টাকা সংগ্রহ করে মাওনায় ফিরছিলেন বিকাশের তিন কর্মকর্তা। তাঁদের বহনকারী একটি প্রাইভেট কার শ্রীপুরের কর্ণপুর এলাকায় পৌঁছালে ১০ থেকে ১৫টি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা গাড়িটির গতিরোধ করে।

একপর্যায়ে দুর্বৃত্তরা গাড়ির কাচ ভেঙে ভেতরে থাকা বিকাশের ক্যাশ ম্যানেজার হিমেল আহমেদের পেটে গুলি করে। তাঁকে গাড়ি থেকে নামিয়ে মারধর করা হয়। এ সময় গাড়িতে থাকা অন্য দুই কর্মকর্তা ও চালককেও পিটিয়ে আহত করে হামলাকারীরা। পরে গাড়িতে থাকা টাকার তিনটি বস্তার মধ্যে দুটি নিয়ে পালিয়ে যায় তারা। পরে হিসাব করে ওই দুই বস্তায় ২ কোটি ৩০ লাখ টাকা ছিল বলে নিশ্চিত হয় পুলিশ।

এ ঘটনায় গুলিবিদ্ধ হন মাওনা বিকাশের ক্যাশ ম্যানেজার হিমেল আহমেদ (৩৫)। আহত অন্যরা হলেন ভালুকা এন্টারপ্রাইজ শ্রীপুরের ডিসিএম ফাহাদ হোসেন (৩০), মাওনা বিকাশের সুপারভাইজার রিফাত আহমেদ (২০) এবং গাড়িচালক লাল মিয়া (২৫)।

পুলিশের ভাষ্য, গ্রেপ্তার দুজনের কাছ থেকে ডাকাতিতে ব্যবহৃত একটি বিদেশি পিস্তল ও একটি খালি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। অস্ত্র উদ্ধারের ঘটনায় রবিন আহমেদের বিরুদ্ধে শ্রীপুর থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।

পুলিশ আরও জানায়, ইমরান শেখের বিরুদ্ধে অস্ত্র, বিস্ফোরক, মাদক, মারামারি ও ডাকাতির অভিযোগে সাতটি মামলা রয়েছে। রবিন আহমেদের বিরুদ্ধে ডাকাতি, অস্ত্র ও মাদক-সংক্রান্ত তিনটি মামলা বিচারাধীন।

গ্রেপ্তার দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ডাকাতির ঘটনায় লুট হওয়া টাকা উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সর্বশেষ