আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়টি আইনি প্রক্রিয়ায় বিবেচনাধীন: আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক :
spot_img

আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কি না, তা আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। একই সঙ্গে গোপালগঞ্জে আওয়ামী লীগের সাম্প্রতিক সহিংসতার ঘটনায় দায়ের করা মামলার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হবে কি না, সেটিও সরকার খতিয়ে দেখছে বলে জানিয়েছেন তিনি।

- Advertisement -

শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় জাতীয় জাদুঘরে ঢাকাস্থ চুয়াডাঙ্গার শিক্ষার্থীদের মিলনমেলা ও শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠানে অংশ নেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন আইনমন্ত্রী।

তিনি বলেন, গোপালগঞ্জে তাণ্ডব চালিয়ে আওয়ামী লীগ ভেবেছিল, সরকারও তাদের মতো আচরণ করবে। তবে বর্তমান সরকার সে পথে হাঁটবে না। আইন অনুযায়ীই পরিস্থিতি মোকাবিলা করা হবে।

আওয়ামী লীগের অতীত কর্মকাণ্ডের সমালোচনা করে আইনমন্ত্রী বলেন, গণহত্যার মাধ্যমে দলটি দেশের ইতিহাসে একটি কলঙ্কজনক অধ্যায় তৈরি করেছে। অথচ এসব ঘটনার জন্য তাদের মধ্যে কোনো অনুশোচনা দেখা যায় না।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে ২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত আওয়ামী লীগ সরকারের শাসনামলে বিরোধী দলের নেতাকর্মীদের ওপর দমন-পীড়নের অভিযোগ তুলে ধরেন তিনি।

আইনমন্ত্রী বলেন, ওই সময়ে গণতন্ত্র ও ভোটাধিকারের দাবিতে আন্দোলন করতে গিয়ে বিএনপির প্রায় সাড়ে চার হাজার নেতাকর্মী গুলিতে নিহত হয়েছেন। এসব হত্যাকাণ্ডকে ‘ক্রসফায়ার’ হিসেবে দেখানো হয়েছিল বলে অভিযোগ করেন তিনি। এ ছাড়া ৭০০-এর বেশি নেতাকর্মীকে তুলে নিয়ে গুম করা হয়েছিল। তাঁদের অনেকেই এখনো নিখোঁজ রয়েছেন।

তিনি আরও বলেন, গণতন্ত্রের পক্ষে কথা বলতে গিয়ে লাখ লাখ বিরোধী দলের নেতাকর্মী পঙ্গুত্ব বরণ করেছেন। গণতন্ত্র, আইনের শাসন ও মানবাধিকারের দাবিতে সোচ্চার থাকায় বিএনপির প্রায় ৬০ লাখ নেতাকর্মী রাজনৈতিক নিপীড়নের শিকার হয়েছেন বলে দাবি করেন তিনি।

দেশের রাজনৈতিক পরিবর্তনে তরুণ প্রজন্মের ভূমিকার প্রশংসা করে আইনমন্ত্রী বলেন, দুঃসময়ে দেশ ও জাতিকে এগিয়ে নিতে জেন-জি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এ জন্য তরুণদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

আইনমন্ত্রী বলেন, জেন-জি নিজেদের ক্ষত, স্বজন হারানোর বেদনা এবং বন্ধু-সহযোদ্ধাদের হারানোর স্মৃতি ভুলে যায়নি। এই প্রজন্মকে সঙ্গে নিয়েই আগামীর বাংলাদেশ গড়ার সংগ্রাম অব্যাহত রাখা হবে।

সর্বশেষ