ঢাকায় কাল বসছে বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের বৈঠক

নিজস্ব প্রতিবেদক :
spot_img

গঙ্গা ও পদ্মা নদীর পানি বণ্টন নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক বসছে আগামীকাল ঢাকায়। দুই দেশের যৌথ নদী কমিশনের (জেআরসি) এই বৈঠকে নদীর পানি প্রবাহ ও বণ্টনসংক্রান্ত তথ্য-উপাত্ত বিনিময় করা হবে। তবে আগামী ১২ ডিসেম্বর মেয়াদ শেষ হতে যাওয়া ১৯৯৬ সালের গঙ্গা পানি বণ্টন চুক্তি নবায়ন কিংবা নতুন চুক্তি সম্পাদনের বিষয়টি এবারের আলোচ্যসূচিতে রাখা হয়নি।

- Advertisement -

যৌথ নদী কমিশন সূত্রে জানা গেছে, বৈঠকে মূলত গঙ্গা ও পদ্মা নদীর পানি প্রবাহ এবং সংশ্লিষ্ট তথ্য বিনিময়ের বিষয়গুলো গুরুত্ব পাবে। এর আগে গত ২২ মে ভারতের কলকাতায় দুই দেশের মধ্যে এ বিষয়ে সর্বশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। ১৯৯৬ সালের ৩০ বছর মেয়াদি চুক্তির আওতায় এটিই হতে যাচ্ছে দুই দেশের সর্বশেষ আনুষ্ঠানিক বৈঠক।

১৯৯৬ সালে স্বাক্ষরিত চুক্তিটির মেয়াদ আগামী ১২ ডিসেম্বর শেষ হচ্ছে। ফলে চুক্তির ভবিষ্যৎ নিয়ে দুই দেশের মধ্যে নতুন করে আলোচনা ও সমঝোতার প্রয়োজন দেখা দিয়েছে। তবে রাজনৈতিক সম্পর্কের টানাপোড়েন নতুন চুক্তি কিংবা বিদ্যমান চুক্তির মেয়াদ বাড়ানোর উদ্যোগকে কতটা প্রভাবিত করবে, তা নিয়ে উদ্বেগ রয়েছে সংশ্লিষ্ট মহলে।

গঙ্গার পানি বণ্টন বাংলাদেশের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। উজানে ভারতের নির্মিত বাঁধ ও জলবিদ্যুৎ প্রকল্পের কারণে শুকনো মৌসুমে পানির প্রবাহ কমে যাওয়ার বিষয়টি দীর্ঘদিন ধরে আলোচনায় রয়েছে। সংশ্লিষ্ট সূত্রের দাবি, গঙ্গার উজানে ভারতের ২৯টি বাঁধ ও জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের প্রভাব পড়ছে বাংলাদেশের ওপর। বিশেষ করে পদ্মা নদীতে পানিপ্রবাহ কমে যাওয়ায় দেশের মধ্য ও দক্ষিণাঞ্চলে কৃষি, মৎস্যসম্পদ ও পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে।

বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রথম গঙ্গার পানি বণ্টন চুক্তি হয় ১৯৭৭ সালে। ওই চুক্তিতে শুকনো মৌসুমে বাংলাদেশের জন্য ৩৪ হাজার ৫০০ কিউসেক পানি পাওয়ার বিধান ছিল। পরে ১৯৯৬ সালের ১২ ডিসেম্বর দুই দেশ ৩০ বছর মেয়াদি নতুন চুক্তিতে সই করে।

বিদ্যমান চুক্তি অনুযায়ী, প্রতিবছর ১১ মার্চ থেকে ১০ মে পর্যন্ত শুকনো মৌসুমে ১০ দিন পরপর পানি বণ্টনের হিসাব নির্ধারণ করা হয়। এ সময় উভয় দেশের জন্য ৩৫ হাজার কিউসেক পানি পাওয়ার বিধান রয়েছে।

এদিকে ভবিষ্যতে চুক্তি নবায়ন বা নতুন চুক্তি হলে বাংলাদেশের ন্যায্য পানির হিস্যা নিশ্চিত করার দাবি জোরালো হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, শুধু পানি বণ্টনের পরিমাণ নির্ধারণ করলেই হবে না, বাংলাদেশ যাতে নির্ধারিত পরিমাণ পানি পায়, সে নিশ্চয়তাও চুক্তিতে থাকতে হবে।

এ কারণে নতুন চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’ বা পানি পাওয়ার নিশ্চয়তাসংক্রান্ত ধারা যুক্ত করার ওপর গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ। বিদ্যমান চুক্তির অভিজ্ঞতা বিবেচনায় নিয়ে ভবিষ্যৎ সমঝোতায় পানির ন্যায্য হিস্যা, প্রবাহের নিশ্চয়তা এবং বাংলাদেশের কৃষি ও পরিবেশগত স্বার্থ সুরক্ষার বিষয়গুলো অন্তর্ভুক্ত করার দাবি উঠেছে।

তবে চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে নবায়ন বা নতুন সমঝোতা নিয়ে আনুষ্ঠানিক আলোচনা শুরু না হওয়ায় বিষয়টি নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে। ঢাকার আসন্ন বৈঠকে চুক্তি নবায়নের বিষয়টি আলোচ্যসূচিতে না থাকায় দুই দেশের পরবর্তী উদ্যোগের দিকেই এখন নজর থাকবে।

সর্বশেষ