পাগলা মসজিদের দানবাক্সে এবার মিলল ১৮ কোটি ২১ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক :
spot_img

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে এবার মিলেছে ১৮ কোটি ২১ লাখ ৬৯ হাজার ৫১৭ টাকা। মসজিদটির দানবাক্স থেকে একসঙ্গে এত টাকা পাওয়ার ঘটনা এটিই সর্বোচ্চ। শনিবার (২১ নভেম্বর) দিনভর গণনা শেষে রাত ১০টার দিকে এ তথ্য নিশ্চিত করেন কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও দানবাক্স খোলা কমিটির আহ্বায়ক মোহাম্মদ এরশাদুল আহমেদ।

- Advertisement -

এর আগে শনিবার সকাল সোয়া ৭টার দিকে মসজিদের ১৫টি দানবাক্স খোলা হয়। দীর্ঘ চার মাস ২৪ দিন পর দানবাক্সগুলো খোলা হয়। এ সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম, জেলা প্রশাসক সোহানা নাসরিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইশতিয়াক ইমন, অতিরিক্ত পুলিশ সুপার মো. শরীফুল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল ইসলাম মারুফসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

দানবাক্স থেকে পাওয়া টাকা ৫১টি বস্তায় ভরা হয়। পরে মসজিদের দ্বিতীয় তলায় মেঝেতে ঢেলে সকাল ৯টার দিকে শুরু হয় গণনা। দিনভর এ কার্যক্রম চলে। গণনায় অংশ নেন মসজিদ-সংলগ্ন মাদ্রাসার ১১০ জন, আল জামিয়াতুল ইমদাদিয়া মাদ্রাসার ৩০০ শিক্ষার্থী, মসজিদের ৩৩ জন কর্মচারী, রূপালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সব মিলিয়ে পাঁচ শতাধিক মানুষ এ কাজে যুক্ত ছিলেন।

রূপালী ব্যাংকের এজিএম মোহাম্মদ আলী হারিছী জানান, ব্যাংকের কিশোরগঞ্জ করপোরেট শাখায় সকাল ৭টা থেকে টাকা গণনার কার্যক্রম শুরু হয়। ১০টি মানি কাউন্টিং মেশিনে টাকা গণনা করা হয়। এ কাজে ব্যাংকের ১২০ জন কর্মকর্তা অংশ নেন।

এবার দানবাক্সে পাওয়া ৫১ বস্তা টাকা আগের সর্বোচ্চ ৪৩ বস্তার রেকর্ড ছাড়িয়ে গেছে। গত ২৭ জুন মসজিদের ১৩টি দানবাক্স খুলে পাওয়া গিয়েছিল ৪৩ বস্তা টাকা। সেদিন দিনভর গণনা শেষে পাওয়া যায় ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার টাকা। অর্থাৎ গতবারের তুলনায় এবার নগদ অর্থের পরিমাণ বেড়েছে ২ কোটি ৩০ লাখ ৮৯ হাজার ৫১৭ টাকা।

জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিন জানান, গতবার দানবাক্স খোলার সময় নগদ টাকার পাশাপাশি স্বর্ণ, রুপা ও বৈদেশিক মুদ্রাও পাওয়া গিয়েছিল। দীর্ঘ ছয় বছর পর গত ১২ অক্টোবর এসব স্বর্ণ ও রুপার অলংকারের ওজন নির্ধারণ করা হয়। এতে ১ হাজার ৪৪ ভরি স্বর্ণালংকার এবং ১ হাজার ৮৮ ভরি রৌপ্যালংকার পাওয়া যায়। এ ছাড়া ১৭টি দেশের বৈদেশিক মুদ্রাও পাওয়া গেছে।

মসজিদ কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, পাগলা মসজিদের আগের ব্যাংক হিসাবে জমা রয়েছে ১৩৩ কোটি ৮৫ লাখ ৪৪ হাজার ৮১০ টাকা। মসজিদের নিজস্ব ওয়েবসাইট চালুর পর থেকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অনুদান এসেছে আরও ৩৯ লাখ ৩২ হাজার ১০৬ টাকা।

এবার দানবাক্সের সংখ্যা ১৩টি থেকে বাড়িয়ে ১৫টি করা হয়েছিল। দানবাক্সে জমা হওয়া বিপুল পরিমাণ অর্থ, স্বর্ণালংকার ও বৈদেশিক মুদ্রা মসজিদটির প্রতি মানুষের নিয়মিত অনুদানের চিত্র তুলে ধরেছে।

সর্বশেষ