উপসাগরীয় অঞ্চলে উত্তেজনার মধ্যে বাহরাইনে নতুন করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। স্থানীয় সময় শনিবার রাতে চালানো এ হামলার লক্ষ্য ছিল দেশটিতে অবস্থিত যুক্তরাষ্ট্রের দুটি সামরিক ঘাঁটির আকাশ প্রতিরক্ষাব্যবস্থা।
ইরানের বিপ্লবী গার্ড বাহিনী জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে এ অভিযান পরিচালনা করা হয়েছে। তবে হামলায় সামরিক স্থাপনাগুলোর কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
অন্যদিকে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের হামলায় দেশটির একটি বেসামরিক বাণিজ্যিক স্থাপনায় আগুন লেগেছে। তবে ক্ষতিগ্রস্ত স্থাপনাটির নাম কিংবা অবস্থান সম্পর্কে কর্তৃপক্ষ বিস্তারিত কিছু জানায়নি।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, বাহরাইনের পূর্ব উপকূলে অবস্থিত সিত্রা দ্বীপের আকাশে ধোঁয়ার কুণ্ডলি দেখতে পেয়েছেন স্থানীয় বাসিন্দারা। দ্বীপটিতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অবকাঠামো রয়েছে। এর মধ্যে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাপকোর পরিচালিত একটি তেল শোধনাগারও রয়েছে।
ইরানের বার্তা সংস্থা ফার্স নিউজের দাবি, ইরানের আকাশসীমায় যুক্তরাষ্ট্রের এমকিউ-১ ও এমকিউ-৯ ড্রোন পরিচালনাসহ বিভিন্ন কর্মকাণ্ডের জবাব হিসেবে এ হামলা চালানো হয়েছে। অভিযানে বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের শেখ ঈসা ও জুফাইর সামরিক ঘাঁটিকে লক্ষ্যবস্তু করা হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, বাহরাইনে যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের সদরদপ্তর অবস্থিত। মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতির ক্ষেত্রে দেশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশলগত অবস্থানে রয়েছে।
গত ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বাহরাইনে একাধিকবার হামলা চালিয়েছে ইরান। সর্বশেষ এই ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনায় বেসামরিক স্থাপনার নিরাপত্তা এবং উপসাগরীয় অঞ্চলে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা নতুন করে দেখা দিয়েছে।
সূত্র: এএফপি, ফার্স নিউজ

