নারায়ণগঞ্জ রাতের মহাসড়কে চলন্ত বাসে আগুন, অল্পের জন্য রক্ষা যাত্রীরা

নিজস্ব প্রতিবেদক :
spot_img

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায় চলন্ত অবস্থায় মঞ্জিল পরিবহনের একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন দেখতে পেয়ে চালক, হেলপার ও যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে যাওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে আগুনে বাসের ভেতরের বিভিন্ন সরঞ্জাম পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

- Advertisement -

রোববার (২২ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, মঞ্জিল পরিবহনের বাসটি আশুলিয়া থেকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইলের দিকে যাচ্ছিল। পথে সাইনবোর্ড এলাকায় পৌঁছালে চলন্ত বাসটির পেছনের অংশে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়তে শুরু করলে চালক, হেলপার ও বাসে থাকা দুই যাত্রী দ্রুত নেমে নিরাপদ স্থানে আশ্রয় নেন।

খবর পেয়ে কাঁচপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে বাসের অভ্যন্তরের বিভিন্ন অংশ ও সরঞ্জাম পুড়ে যায়।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বাসটির চালক জামাল হোসেন (৩২)। তিনি ঢাকার যাত্রাবাড়ী এলাকার বাসিন্দা। বাসটির হেলপার হিসেবে নয়ন নামে একজন কর্মরত ছিলেন। বাসটির মালিকের নাম মিম।

কাঁচপুর মডার্ন ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন ইনচার্জ জাহাঙ্গীর আলম বলেন, রাত সাড়ে ১২টার দিকে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। চালকের সঙ্গে কথা বলে জানা গেছে, বাসটিতে দুজন যাত্রী ছিলেন। তাঁরা বাস থেকে নেমে যাওয়ার পরই আগুনের সূত্রপাত হয়।

অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

সর্বশেষ