দেশে হামের সংক্রমণ ও উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। এ নিয়ে চলতি বছরে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৫৩।
রোববার (২২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত নিশ্চিত হামে ১০৫ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ১ হাজার ২৪৭ জন।
গত ২৪ ঘণ্টায় বিভাগভিত্তিক হিসাবে হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি চারজনের মৃত্যু হয়েছে ঢাকায়। এ ছাড়া চট্টগ্রামে তিনজন, খুলনায় একজন এবং সিলেটে একজন মারা গেছেন।
একই সময়ে নতুন করে ৭৬ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি আরও ১ হাজার ১৬২ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যানে দেখা যায়, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এ বিভাগে মারা গেছেন ৫৬০ জন। দ্বিতীয় সর্বোচ্চ ২২২ জনের মৃত্যু হয়েছে সিলেটে।
এ ছাড়া চট্টগ্রামে ১২৮ জন, ময়মনসিংহে ৯৫, রাজশাহীতে ৯৩, বরিশালে ৭০, খুলনায় ৬১ এবং রংপুর বিভাগে ১৮ জনের মৃত্যু হয়েছে।
পরিসংখ্যান অনুযায়ী, হামের উপসর্গে মৃত্যুর দিক থেকে ঢাকা বিভাগ সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। দেশের আট বিভাগেই মৃত্যুর ঘটনা ঘটেছে।

