১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা চান হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক
spot_img

শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের লাগাম টানতে নীতিমালা প্রণয়নের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ লক্ষ্যে সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ, শিশু মনোবিজ্ঞানী, শিশু বিশেষজ্ঞ ও আইনজ্ঞদের সমন্বয়ে অবিলম্বে একটি স্বাধীন বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে এ বিষয়ে সরকারের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

- Advertisement -

রোববার (২২ নভেম্বর) বিচারপতি শিকদার মো. মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতের নির্দেশনা অনুযায়ী, টেলিযোগাযোগসচিব, নারী ও শিশুবিষয়ক সচিব, স্বাস্থ্য সচিব, আইন সচিব এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যানকে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে বিশেষজ্ঞ কমিটি গঠন করতে হবে।

রুলে ১৬ বছর বা তার কম বয়সী শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিয়ন্ত্রণে নীতিমালা প্রণয়নে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে। পাশাপাশি শিশুদের ওপর সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাব মূল্যায়ন এবং এ বিষয়ে নীতিমালা তৈরিতে বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ কেন দেওয়া হবে না, তারও ব্যাখ্যা চেয়েছেন আদালত। সংশ্লিষ্ট বিবাদীদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

জনস্বার্থে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ ফয়সাল দস্তগীর এ রিট আবেদন করেন। আদালতে তিনি নিজেই রিটের পক্ষে শুনানি করেন।

রিট আবেদনকারী আইনজীবীর বক্তব্য, বাংলাদেশে শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের বিষয়ে সুনির্দিষ্ট কোনো নীতিমালা নেই। ফলে শিশুরা অবাধে এসব মাধ্যম ব্যবহার করছে। এর নেতিবাচক প্রভাব পড়ছে তাদের মানসিক স্বাস্থ্যে। অনেক শিশুর মধ্যে একাকিত্ব ও হতাশার মতো সমস্যা দেখা দিচ্ছে, যা তাদের স্বাভাবিক মানসিক বিকাশের জন্য উদ্বেগজনক।

রিটে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআরবি) পরিচালিত একটি গবেষণার তথ্যও তুলে ধরা হয়েছে। এতে বলা হয়, ঢাকার প্রতি পাঁচ শিশুর মধ্যে চারজনের বেশি, অর্থাৎ ৮৩ শতাংশ শিশু প্রতিদিন দুই ঘণ্টার বেশি সময় স্ক্রিনের সামনে কাটায়। স্মার্টফোন, টেলিভিশন, ট্যাবলেট, কম্পিউটার ও গেমিং ডিভাইস মিলিয়ে শিশুদের দৈনিক গড় স্ক্রিন ব্যবহারের সময় প্রায় ৪ দশমিক ৬ ঘণ্টা।

গবেষণায় শিশুদের অতিরিক্ত স্ক্রিন ব্যবহারের সঙ্গে বিভিন্ন শারীরিক সমস্যার সম্পর্কও উঠে এসেছে। এতে অংশ নেওয়া এক-তৃতীয়াংশের বেশি শিশু চোখের সমস্যায় ভুগছে। প্রায় ৮০ শতাংশ শিশুর প্রায়ই মাথাব্যথা হয়। প্রতিদিন দুই ঘণ্টার বেশি স্ক্রিন ব্যবহার করা শিশুদের ঘুমের সময়ও তুলনামূলক কম। তাদের গড় ঘুমের সময় ৭ দশমিক ৩ ঘণ্টা। অথচ এ বয়সী শিশুদের সুস্থ বৃদ্ধি ও মস্তিষ্কের বিকাশের জন্য প্রতিদিন ৮ থেকে ১০ ঘণ্টা ঘুম প্রয়োজন বলে রিটে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া গবেষণায় অংশ নেওয়া শিশুদের প্রায় ১৪ শতাংশ অতিরিক্ত ওজন বা স্থূলতায় ভুগছে। দীর্ঘ সময় স্ক্রিনের সামনে কাটানো শিশুদের মধ্যে এ প্রবণতা তুলনামূলক বেশি।

রিট আবেদনে বলা হয়েছে, শৈশবে দীর্ঘদিন পর্যাপ্ত ঘুম না হলে স্মৃতিশক্তি, মনোযোগ, শেখার ক্ষমতা ও আবেগ নিয়ন্ত্রণের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। পাশাপাশি শারীরিক বৃদ্ধি ও মানসিক সুস্থতাও বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ঝুঁকি ও এর দীর্ঘমেয়াদি প্রভাব বিবেচনায় নিয়ে একটি কার্যকর নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা তুলে ধরেই আদালতের দ্বারস্থ হন রিট আবেদনকারী আইনজীবী।

সর্বশেষ