জিয়াউল আহসানের মামলার যুক্তিতর্ক বিটিভিতে সরাসরি সম্প্রচার

নিজস্ব প্রতিবেদক :
spot_img

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগ সরকারের শাসনামলে শতাধিক মানুষকে গুম ও হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে প্রসিকিউশনের যুক্তিতর্ক সরাসরি সম্প্রচার করা হবে। বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মাধ্যমে এ কার্যক্রম সম্প্রচারের সিদ্ধান্তের কথা জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

- Advertisement -

সোমবার (২৩ নভেম্বর) বিকেলে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান। আগামী ২৪ নভেম্বর থেকে মামলাটির যুক্তিতর্ক উপস্থাপন শুরু হওয়ার কথা রয়েছে। ট্রাইব্যুনালের অনুমতি পাওয়া গেলে বিটিভির পাশাপাশি প্রসিকিউশনের ফেসবুক পেজ থেকেও যুক্তিতর্ক সরাসরি সম্প্রচার করা হবে।

এ মামলায় একমাত্র আসামি জিয়াউল আহসান। নিরাপত্তাজনিত কারণে তিনি ট্রাইব্যুনালে সশরীরে হাজির না হয়ে ভার্চুয়ালি বিচারিক কার্যক্রমে অংশ নিচ্ছেন।

মামলার সর্বশেষ কার্যক্রম অনুযায়ী, গত ২২ নভেম্বর আসামিপক্ষের সাফাই সাক্ষী হিসেবে আইনজীবী তাসলিমা জাহান পপি সাক্ষ্য দেন। এ সময় তিনি মামলাসংক্রান্ত বিভিন্ন নথি ও ভিডিও ট্রাইব্যুনালে উপস্থাপন করেন। তাঁর জবানবন্দি শেষে জেরা করেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। সাফাই সাক্ষ্য গ্রহণ শেষ হওয়ার পর ট্রাইব্যুনাল ২৪ নভেম্বর যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য করেন।

এর আগে গত ১৯ নভেম্বর মামলার ১৫তম সাক্ষী ও তদন্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলামকে জেরার মধ্য দিয়ে রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহণ শেষ হয়। এরপর আসামিপক্ষের সাফাই সাক্ষ্য গ্রহণ করা হয়।

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, জিয়াউল আহসানের বিরুদ্ধে তিনটি পৃথক ঘটনায় হত্যাকাণ্ডে সংশ্লিষ্টতার অভিযোগ আনা হয়েছে।

প্রথম অভিযোগে বলা হয়েছে, ২০১১ সালের ১১ জুলাই রাতে গাজীপুরের সদর থানার পুবাইল এলাকায় সড়কের পাশে জিয়াউল আহসানের সরাসরি উপস্থিতিতে সজলসহ তিনজনকে হত্যা করা হয়।

দ্বিতীয় অভিযোগে ২০১০ থেকে ২০১৩ সালের মধ্যে বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের চরদুয়ানী খালসংলগ্ন বলেশ্বর নদীর মোহনায় নজরুল, মল্লিকসহ ৫০ জনকে হত্যার কথা উল্লেখ করা হয়েছে।

তৃতীয় অভিযোগে একই সময়ে তথাকথিত বনদস্যু দমনের অভিযানের আড়ালে বরগুনার বলেশ্বর নদী ও বাগেরহাটের শরণখোলা এলাকায় সুন্দরবনের বিভিন্ন স্থানে মাসুদসহ আরও ৫০ জনকে হত্যার অভিযোগ আনা হয়েছে।

এসব ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় গত বছরের ১৭ ডিসেম্বর জিয়াউল আহসানের বিরুদ্ধে আনা তিনটি অভিযোগ আমলে নেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। একই দিন তাঁর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র (ফরমাল চার্জ) দাখিল করে প্রসিকিউশন। পরে ২৩ ডিসেম্বর তাঁকে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ট্রাইব্যুনাল।

আগামী ২৪ নভেম্বর থেকে যুক্তিতর্ক শুরু হলে মামলাটির বিচারিক কার্যক্রম গুরুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছাবে। প্রসিকিউশনের অভিযোগ ও আসামিপক্ষের বক্তব্য পর্যালোচনার পর ট্রাইব্যুনাল পরবর্তী সিদ্ধান্ত দেবেন।

সর্বশেষ