‘ইলিয়াস আলীকে গুম করেছি’ জিয়াউল আহসানের কথিত ফোনালাপ আদালতে তুলে ধরল রাষ্ট্রপক্ষ

নিজস্ব প্রতিবেদক :
spot_img

বিএনপি নেতা ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার ঘটনায় সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে নতুন করে চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছে রাষ্ট্রপক্ষ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলায় যুক্তিতর্ক উপস্থাপনের সময় এক সাক্ষীর জবানবন্দির বরাতে একটি কথিত ফোনালাপের তথ্য তুলে ধরা হয়েছে। সেখানে জিয়াউল আহসানকে বলতে শোনা গেছে, ‘আপনাদের কথামতো ইলিয়াস আলীকে গলফ (গুম) করলাম। এখন আপনারা এমন করলে হবে?’

- Advertisement -

রাষ্ট্রপক্ষের দাবি, এই কথোপকথন ইলিয়াস আলীকে অপহরণের ঘটনায় জিয়াউল আহসানের সম্পৃক্ততার গুরুত্বপূর্ণ প্রমাণ।

২০১২ সালের ১৭ এপ্রিল রাজধানী থেকে নিখোঁজ হন বিএনপির তৎকালীন সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী ও তার গাড়িচালক আনসার আলী। দীর্ঘ ১৪ বছরেও তাদের সন্ধান কিংবা পরিণতি সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। এবার জিয়াউল আহসানের বিরুদ্ধে চলমান মানবতাবিরোধী অপরাধের মামলায় বিষয়টি আবারও আলোচনায় এসেছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ মামলার যুক্তিতর্ক উপস্থাপনকালে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম সাক্ষীর বক্তব্যের ভিত্তিতে এসব তথ্য তুলে ধরেন। রাষ্ট্রপক্ষের অভিযোগ, শতাধিক গুম, খুন ও হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে অভিযুক্ত সাবেক এই সেনা কর্মকর্তার বিরুদ্ধে ইলিয়াস আলীকে অপহরণের পরিকল্পনা ও বাস্তবায়নের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে।

মহাখালীতে অভিযানের প্রস্তুতির অভিযোগ

রাষ্ট্রপক্ষের পঞ্চম সাক্ষী সেনাসদস্য ইমরুল কায়েস একসময় জিয়াউল আহসানের ব্যক্তিগত বডিগার্ড বা রানার হিসেবে দায়িত্ব পালন করতেন। তার জবানবন্দি অনুযায়ী, ২০১২ সালের ১৩ এপ্রিল রাতে র‌্যাব সদর দপ্তর থেকে একটি মাইক্রোবাসে করে জিয়াউল আহসান, মেজর নওশাদ ও স্কোয়াড্রন লিডার সাইফসহ কয়েকজন মহাখালী ফ্লাইওভারের দিকে যান।

সাক্ষীর দাবি, সেখানে যাওয়ার প্রকৃত উদ্দেশ্য সম্পর্কে তিনি অবগত ছিলেন না। তবে গাড়িতে অবস্থানকালে জিয়াউল আহসানকে বিভিন্ন ব্যক্তির সঙ্গে ফোনে কথা বলতে এবং নির্দিষ্ট একজনের সেখানে আসার সময় জানতে চাইতে দেখেন।

পরে সংশ্লিষ্ট ব্যক্তি সেদিন সেখানে আসবেন না বলে খবর পেলে তারা ফিরে যান। এরপর জিয়াউল আহসানকে তার বাসায় নামিয়ে দেওয়া হয়। সেখান থেকে ইমরুল কায়েস নয় দিনের ছুটিতে চলে যান।

ছুটিতে থাকাকালে গণমাধ্যমে তিনি জানতে পারেন, বিএনপি নেতা ইলিয়াস আলী মহাখালী সেতু এলাকা থেকে নিখোঁজ হয়েছেন।

র‌্যাব সদর দপ্তরে ফিরে অস্বাভাবিক পরিস্থিতি

সাক্ষীর বক্তব্য অনুযায়ী, ২৩ এপ্রিল ছুটি শেষে কর্মস্থলে ফিরে র‌্যাব সদর দপ্তরের পরিবেশে পরিবর্তন দেখতে পান ইমরুল কায়েস। পুরো দপ্তরে এক ধরনের অস্বাভাবিক নীরবতা ও থমথমে পরিস্থিতি বিরাজ করছিল।

সহকর্মীদের সঙ্গে কথা বলে তিনি জানতে পারেন, অস্ত্রের ইন-আউট রেজিস্টার এবং সিসিটিভি ক্যামেরার ফুটেজ নষ্ট করে ফেলার অভিযোগ রয়েছে।

এ ছাড়া নিয়মিত ফল-ইন বা রোল কলের সময়সূচিও পরিবর্তন করা হয়েছিল বলে জবানবন্দিতে উল্লেখ করা হয়। আগে সকাল ৯টায় ফল-ইন অনুষ্ঠিত হলেও ১৮ এপ্রিল থেকে তা সকাল ৭টায় শুরু হয়। জিয়াউল আহসানও টানা কয়েক দিন এতে উপস্থিত ছিলেন।

একদিন ফল-ইন চলাকালে জিয়াউল আহসানকে ফোনে কথা বলতে দেখেন ইমরুল কায়েস। এ সময় অন্য একটি কল এলে তিনি অপর প্রান্তের ব্যক্তিকে বলেন, ‘তুই রাখ, তারেক স্যার ফোন দিয়েছেন।’

এরপর তারেক স্যারের সঙ্গে তার কথোপকথন শুনতে পান বলে জবানবন্দিতে দাবি করেন সাক্ষী।

যে ফোনালাপ ঘিরে নতুন আলোচনা

রাষ্ট্রপক্ষের যুক্তিতর্কে ইমরুল কায়েসের বক্তব্য উদ্ধৃত করে চিফ প্রসিকিউটর জানান, জিয়াউল আহসান ফোনে তারিক আহমেদ সিদ্দিকের সঙ্গে কথা বলছিলেন। ওই সময় তাকে বলতে শোনা যায়, ‘স্যার, আপনাদের কথামতো ইলিয়াস আলীকে গলফ (গুম) করলাম। এখন আপনারা এমন করলে হবে? এর চেয়ে আমি কমান্ডো মানুষ, আমাকে জঙ্গলে পোস্টিং দিয়ে দেন। এটাই আমার জন্য ভালো।’

রাষ্ট্রপক্ষের ব্যাখ্যা অনুযায়ী, এখানে ‘গলফ’ শব্দটি গুম বা অপহরণের সাংকেতিক অর্থে ব্যবহার করা হয়েছে। তাদের দাবি, কথিত এই ফোনালাপ থেকে ইলিয়াস আলীকে অপহরণের ঘটনায় জিয়াউল আহসানের ভূমিকা সম্পর্কে গুরুত্বপূর্ণ ইঙ্গিত পাওয়া যায়।

চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম আদালতকে জানান, ইমরুল কায়েস নিজ কানে ওই কথোপকথন শুনেছেন বলে সাক্ষ্যে উল্লেখ করেছেন। রাষ্ট্রপক্ষের মতে, এই বক্তব্য মামলার অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান।

মৃত্যুদণ্ড ও সম্পত্তি বাজেয়াপ্তের আবেদন

মঙ্গলবার যুক্তিতর্ক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি জিয়াউল আহসানের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের গুরুত্ব তুলে ধরে বলেন, তার মতো অপরাধীর দৃষ্টান্ত পৃথিবীর ইতিহাসে বিরল।

রাষ্ট্রপক্ষ মামলায় জিয়াউল আহসানের সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড এবং তার স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করার আবেদন জানিয়েছে।

মামলায় গুম ও হত্যার অভিযোগের সমর্থনে একাধিক সাক্ষীর জবানবন্দি এবং বিভিন্ন তথ্য-প্রমাণ আদালতে উপস্থাপন করা হয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রপক্ষ।

এদিকে আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে বিচারের আওতায় আনার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর বলেন, দলটির বিরুদ্ধে তদন্ত কার্যক্রম এখনো চলমান রয়েছে।

সর্বশেষ