আওয়ামী লীগ আমলের গুম-খুনের অপরাধী শনাক্তে মাঠে নামছে প্রসিকিউশন

নিজস্ব প্রতিবেদক :
spot_img

আওয়ামী লীগ সরকারের ২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত শাসনামলে সংঘটিত গুম, খুন, অপহরণ, বিচারবহির্ভূত হত্যা ও অন্যান্য মানবতাবিরোধী অপরাধের তথ্য সংগ্রহে দেশব্যাপী গণশুনানির আয়োজন করতে যাচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। এসব শুনানিতে অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করার পাশাপাশি প্রয়োজনীয় ক্ষেত্রে তাৎক্ষণিক গ্রেপ্তারের উদ্যোগ নেওয়া হবে।

- Advertisement -

বুধবার (২৫ নভেম্বর) নিজ কার্যালয়ের সংবাদ সম্মেলন কক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

তিনি জানান, প্রতি সপ্তাহে দেশের বিভিন্ন জেলায় এ গণশুনানি অনুষ্ঠিত হবে। জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সমন্বয়ে সব রাজনৈতিক দলের প্রতিনিধিদের উপস্থিতিতে কর্মসূচি পরিচালিত হবে। নির্যাতনের শিকার রাজনৈতিক দল ও সংগঠনগুলোকেও এতে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হবে। এ উদ্যোগ বাস্তবায়নে সরকার প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছে।

চিফ প্রসিকিউটর বলেন, গণশুনানিতে অংশগ্রহণ নিশ্চিত করতে ইতোমধ্যে বিভিন্ন সরকারি দপ্তর, মন্ত্রণালয়, রাজনৈতিক দল, সংগঠন এবং নির্যাতিত ও নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের কাছে চিঠি পাঠানো হচ্ছে।

তিনি আরও বলেন, শুনানিতে পাওয়া অভিযোগ ও তথ্য যাচাই করা হবে। কোনো ঘটনার মামলা থাকলে সংশ্লিষ্ট নথি ও রেকর্ড পর্যালোচনা করা হবে। মামলা না থাকলে ভুক্তভোগী পরিবারগুলোর তথ্য সংগ্রহ করা হবে। কোনো ঘটনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারযোগ্য বলে বিবেচিত হলে তদন্ত সংস্থার মাধ্যমে তদন্ত করে বিচারের উদ্যোগ নেওয়া হবে।

গণশুনানির প্রথম কর্মসূচি যশোরে আয়োজনের পরিকল্পনা রয়েছে বলেও জানান আমিনুল ইসলাম। ২৬ নভেম্বর সেখানে কার্যক্রম শুরুর কথা থাকলেও ২৮ নভেম্বর জেলা আইনজীবী সমিতির নির্বাচন থাকায় তারিখ পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। প্রয়োজনে অন্য কোনো জেলা থেকে কর্মসূচি শুরু করা হবে। তবে আগামী সপ্তাহ থেকে দেশের কোনো না কোনো জেলায় এ কার্যক্রম চালু করা হবে বলে জানান তিনি।

গণশুনানি আয়োজনের কারণ ব্যাখ্যা করতে গিয়ে চিফ প্রসিকিউটর বলেন, ২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত দেশে অসংখ্য গুম, ক্রসফায়ার, বলপূর্বক নিখোঁজ ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ রয়েছে। এসব ঘটনার অনেক ভুক্তভোগী পরিবার এখনো আইনের আশ্রয় নেয়নি। আবার অভিযুক্তদের কেউ কেউ এখনো প্রকাশ্যে চলাফেরা করছেন বলে অভিযোগ রয়েছে।

এসব ঘটনা চিহ্নিত করে আইনের আওতায় আনা এবং ভুক্তভোগীদের ন্যায়বিচার নিশ্চিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য বলে জানান তিনি। তার মতে, গণশুনানির মাধ্যমে দেশে আইনের শাসন ও ন্যায়বিচারের সংস্কৃতি প্রতিষ্ঠার পথ আরও সুগম হবে। ভবিষ্যতে যাতে এ ধরনের মানবতাবিরোধী অপরাধের পুনরাবৃত্তি না ঘটে, সে বার্তাও পৌঁছে দিতে চায় ট্রাইব্যুনালের প্রসিকিউশন।

গণশুনানির আইনগত ভিত্তি নিয়ে প্রশ্নের জবাবে আমিনুল ইসলাম বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের তদন্ত ও অভিযোগ দাখিলের ক্ষমতা রয়েছে। পাশাপাশি ট্রাইব্যুনালের তদন্ত সংস্থাও তদন্ত পরিচালনা করতে পারে। ফলে এ কর্মসূচি পরিচালনার আইনগত এখতিয়ার ও ম্যান্ডেট রয়েছে।

সর্বশেষ