গাজীপুরে মজুরি নিয়ে শ্রমিক বিক্ষোভ, পুলিশ-আনসারসহ আহত ১১

নিজস্ব প্রতিবেদক :
spot_img

ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে গাজীপুরে আবারও বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন পোশাক কারখানার শ্রমিকেরা। বুধবার (২৫ নভেম্বর) সকাল থেকে শুরু হওয়া এ কর্মসূচি ঘিরে শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পুলিশ ও আনসার বাহিনীর ১১ সদস্য আহত হয়েছেন।

- Advertisement -

দুপুরে গাজীপুরের বিভিন্ন এলাকায় শ্রমিকদের বিক্ষোভ ছড়িয়ে পড়ে। একপর্যায়ে তারা ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন অংশে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন। এতে মহাসড়কে যানবাহন চলাচল ব্যাহত হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুর ১২টার দিকে মহানগরীর সালনা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন শ্রমিকেরা। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ জানান। তবে শ্রমিকদের একাংশ পুলিশ ও আনসার সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন। এতে কয়েকজন সদস্য আহত হন।

এ ছাড়া মহানগরীর মালিকের বাড়ি এলাকায় শ্রমিকদের ছোড়া ইটের আঘাতে আরও এক পুলিশ সদস্য আহত হয়েছেন। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ বেলায়েত হোসেন জানান, সালনা এলাকায় সংঘর্ষে পাঁচ পুলিশ সদস্য ও ছয় আনসার সদস্য আহত হয়েছেন। পাশাপাশি মালিকের বাড়ি এলাকায় আরও একজন পুলিশ সদস্য আহত হন। আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

তিনি আরও জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এদিকে, ১৭ হাজার টাকা ন্যূনতম মজুরি নির্ধারণের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে শ্রমিকদের বিক্ষোভ অব্যাহত থাকায় শিল্পাঞ্চলে উত্তেজনা বিরাজ করছে। তাদের অবরোধের কারণে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে।

সর্বশেষ