সাত খুনে জিয়াউল আহসানের নির্দেশনার তথ্য মিলেছে তারেক সাঈদের জবানবন্দিতে: অ্যাটর্নি জেনারেল

নিজস্ব প্রতিবেদক :
spot_img

নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের ঘটনায় র‍্যাবের সাবেক কর্মকর্তা জিয়াউল আহসানের নির্দেশনা ও ভূমিকার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল। মামলার প্রধান আসামি তারেক সাঈদ মোহাম্মদের ১৬৪ ধারায় দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এ সংক্রান্ত তথ্য উঠে এসেছে বলে জানান তিনি।

- Advertisement -

বুধবার (২৫ নভেম্বর) সাত খুন মামলার আপিল শুনানি শেষে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসব তথ্য জানান অ্যাটর্নি জেনারেল।

তিনি বলেন, তারেক সাঈদের জবানবন্দি অনুযায়ী, র‍্যাবের কোনো অভিযান পরিচালনার ক্ষেত্রে তৎকালীন সদর দপ্তরের এডিজি (অপারেশনস) কর্নেল জিয়াউল আহসানের নির্দেশনা ও অনুমতির বিষয়টি গুরুত্বপূর্ণ ছিল। তার অনুমতি ছাড়া র‍্যাবের অভিযান পরিচালিত হতো না বলেও জবানবন্দিতে উল্লেখ রয়েছে।

অ্যাটর্নি জেনারেল বলেন, নারায়ণগঞ্জের সাত খুন দেশের অন্যতম আলোচিত ও মর্মান্তিক অপরাধ। মামলার নথি এবং আসামিদের স্বীকারোক্তিতে হত্যাকাণ্ডের ভয়াবহ বিবরণ উঠে এসেছে। প্রথমে পাঁচজনকে অপহরণ করা হয়। পরে আইনজীবী চন্দন সরকার ও তার গাড়িচালক ঘটনাটি দেখে ফেলায় তাদেরও অপহরণ করা হয়। এরপর সাতজনকে হত্যা করে মরদেহের সঙ্গে ইট ও সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলে দেওয়া হয়।

তিনি আরও বলেন, আসামিদের জবানবন্দিতে হত্যাকাণ্ডের পরিকল্পনা থেকে শুরু করে অপহরণ, হত্যা এবং মরদেহ গুম করার প্রতিটি পর্যায়ের বিবরণ পাওয়া গেছে। এসব বক্তব্যের সঙ্গে মামলার অন্যান্য সাক্ষ্যপ্রমাণেরও সামঞ্জস্য রয়েছে।

আপিল শুনানিতে রাষ্ট্রপক্ষের হয়ে অ্যাটর্নি জেনারেল নিজে এবং অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক যুক্তি উপস্থাপন করেন। এ সময় হাইকোর্টের রায়ের বিভিন্ন দিক এবং আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দির গুরুত্বপূর্ণ অংশ আদালতের সামনে তুলে ধরা হয়।

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক জানান, হত্যাকাণ্ডের সময় কোনো প্রত্যক্ষদর্শী না থাকায় আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি মামলার গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে বিবেচিত হচ্ছে। তারেক সাঈদ মোহাম্মদ, মেজর (অব.) আরিফ হোসেন, লেফটেন্যান্ট কমান্ডার এম এম রানা, হাবিলদার এমদাদুল হক ও সিপাহী আবু তৈয়বের জবানবন্দির বিভিন্ন অংশ আদালতে উপস্থাপন করেছে রাষ্ট্রপক্ষ।

জিয়াউল আহসানের ভূমিকার প্রসঙ্গে তিনি বলেন, তারেক সাঈদের জবানবন্দিতে র‍্যাব সদর দপ্তরের তৎকালীন এডিজি (অপারেশনস) কর্নেল জিয়ার নির্দেশনার বিষয়টি এসেছে। ২০১৪ সালের মার্চে র‍্যাব সদর দপ্তরে অনুষ্ঠিত একটি সম্মেলনে সন্ত্রাসীদের তালিকা দেওয়া হয়েছিল। ওই তালিকায় নারায়ণগঞ্জের নজরুল ইসলামের নামও ছিল। তাকে গ্রেপ্তারের পর সদর দপ্তরে পাঠিয়ে জিজ্ঞাসাবাদের নির্দেশনা দেওয়া হয়েছিল বলে জবানবন্দিতে উল্লেখ রয়েছে।

এদিকে, সাত খুন মামলায় জিয়াউল আহসানকে আসামি না করার বিষয়ে প্রশ্ন করা হলে অ্যাটর্নি জেনারেল বলেন, প্রচলিত আইনে এ মামলার বিচার সম্পন্ন হয়েছে। মামলায় কোনো ব্যক্তির নাম বা দায়িত্বের বিষয়টি সাক্ষ্য-প্রমাণে উঠে আসা এবং তাকে আসামি করা না হওয়া পৃথক বিষয়। এ কারণে বিচারিক প্রক্রিয়াকে ত্রুটিপূর্ণ বলার সুযোগ নেই।

তিনি জানান, এ মামলায় হাইকোর্ট ১৫ জনকে মৃত্যুদণ্ড, ১১ জনকে যাবজ্জীবন এবং আরও নয়জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন। রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে হাইকোর্টের রায় বহাল রাখার পক্ষে যুক্তি উপস্থাপন করছে।

এ ছাড়া আলোচিত ও চাঞ্চল্যকর মামলাগুলোর বিচার দ্রুত শেষ করতে অ্যাটর্নি জেনারেল কার্যালয় অগ্রাধিকার ভিত্তিতে কয়েকটি আপিল শুনানির উদ্যোগ নিয়েছে। এর মধ্যে রয়েছে নারায়ণগঞ্জের সাত খুন, বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা, মেজর সিনহা হত্যা এবং বিশ্বজিৎ দাস হত্যা মামলা।

অ্যাটর্নি জেনারেল জানান, বুধবার সাত খুন মামলার আপিল শুনানিতে রাষ্ট্রপক্ষ যুক্তি উপস্থাপন করেছে। বৃহস্পতিবারও শুনানি চলার কথা রয়েছে। এসব মামলার দ্রুত নিষ্পত্তির মাধ্যমে ভুক্তভোগী পরিবারগুলোর ন্যায়বিচার পাওয়ার প্রত্যাশা পূরণ হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সর্বশেষ