নিজস্ব প্রতিবেদক : ফেনীর দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফয়জুল আজীম নোমানের সঙ্গে এক নারীর ফোনালাপের দুটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। কথোপকথনে ওই নারীকে নিজের বাসায় আসার জন্য বারবার তাগাদা দিতে, যাতায়াতের পথ ও ভাড়া বুঝিয়ে দিতে এবং বাসায় পৌঁছালে গাড়িভাড়া পরিশোধের আশ্বাস দিতে শোনা যায় ওসিকে। অডিও ছড়িয়ে পড়ার পর পুলিশ কর্মকর্তার আচরণ ও কথোপকথনের বিষয়বস্তু নিয়ে ফেনীসহ বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে অডিও দুটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ফোনালাপের অপর প্রান্তে থাকা নারী দাগনভূঞা পৌর যুব মহিলা লীগের সাবেক সভাপতি তাসকিরা তানিন সনি। একটি অডিও ৩ মিনিট ৩৬ সেকেন্ড এবং অন্যটি ৬ মিনিট ২০ সেকেন্ডের।
প্রথম ফোনালাপে ওসিকে সনিকে নিজের বাসায় আসার জন্য উৎসাহিত করতে এবং কীভাবে সেখানে পৌঁছাতে হবে, তা বিস্তারিত বুঝিয়ে দিতে শোনা যায়। তিনি বলেন, থানার দিকে এসে একটি নির্দিষ্ট রাস্তা ধরে তাঁর বাসায় চলে যেতে। যাতায়াতের জন্য সিএনজিচালিত অটোরিকশা ব্যবহারের পরামর্শ দিয়ে ভাড়া কত হতে পারে, সেটিও জানান।
কথোপকথনে ওসি বলেন, বাজার থেকে সিএনজিতে এলে ১০০ টাকা ভাড়া হতে পারে। চালক ২০০ টাকা চাইলে তা দেওয়ার কথাও বলেন। সনি তাঁর বাসায় যাওয়ার বিষয়টি নিয়ে প্রশ্ন তুললে ওসি তাঁকে আশ্বস্ত করেন। একপর্যায়ে তিনি বলেন, ‘ওসি ঠিক তো সব ঠিক।’ ওই নারী বাসায় পৌঁছালে গাড়িভাড়া পরিশোধ করে দেওয়ার কথাও জানান তিনি।
ফোনালাপে সনি বারবার ওসিকে ফোন না দিতে অনুরোধ করেন। এতে পরিবারের অন্য কেউ বিষয়টি নিয়ে প্রশ্ন করতে পারেন বলে জানান তিনি। অন্যদিকে ওসি তাঁকে রওনা হওয়ার পর মেসেজ দিতে বলেন এবং কখন পৌঁছাবেন, তা জানতে চান।
দ্বিতীয় ফোনালাপে তাঁদের মধ্যে মামলা, অর্থ লেনদেন, কয়েকজন ব্যক্তির সঙ্গে বিরোধ এবং পারিবারিক সমস্যা নিয়ে আলোচনা হয়। এ সময় সনি তুহিন নামের এক ব্যক্তির বিরুদ্ধে টাকা দাবি ও তাঁর বোনকে হুমকি দেওয়ার অভিযোগ করেন। একটি মামলায় জামিনের জন্য থানায় দুই লাখ টাকা দেওয়ার দাবিও করেন তিনি।
সনি পারভেজ নামের আরেক ব্যক্তির বিরুদ্ধে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ তুলে তাঁকে গ্রেপ্তারের দাবি জানান। থানায় একাধিকবার যাওয়া, সাধারণ ডায়েরি (জিডি) করা এবং অভিযোগ দিয়েও প্রতিকার না পাওয়ার কথাও বলেন তিনি।
জবাবে ওসি ফয়জুল আজীম নোমান নিজের অবস্থান ব্যাখ্যা করেন এবং সনির সঙ্গে আবারও দেখা করে কথা বলার আগ্রহ প্রকাশ করেন। কথোপকথনে তিনি রাজনৈতিক স্বার্থ ও অর্থ লেনদেনের বাইরে থেকে তাঁর সঙ্গে যোগাযোগ রাখার কথাও বলেন। অন্যথায় উভয়ের ক্ষতি হতে পারে—এমন বক্তব্যও শোনা যায়।
এ সময় সনি তাঁর বিরুদ্ধে মামলা, অর্থ হারানো এবং পরিবারের সদস্যদের হয়রানির অভিযোগ তুলে ধরেন। নিজের সন্তানদের অসুস্থতার কথাও জানান। তাঁর মেয়ে হাসপাতালে চিকিৎসাধীন এবং ছেলে নিয়েও উদ্বেগের কথা ফোনালাপে উল্লেখ করেন তিনি।
থানাহাজতে শ্লীলতাহানির অভিযোগ
এর আগে গত ১০ নভেম্বর রাত আনুমানিক ১টা ৫০ মিনিটে নিজ বাসা থেকে তাসকিরা তানিন সনিকে গ্রেপ্তার করে দাগনভূঞা থানা-পুলিশ। পরে সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। জামিনে মুক্তির পর ওসির সঙ্গে তাঁর কথোপকথনের অডিও ছড়িয়ে পড়ে।
অডিও প্রকাশের পর এক ভিডিওবার্তায় সনি অভিযোগ করেন, গ্রেপ্তারের পর থানাহাজতে ওসি তাঁর শ্লীলতাহানি করেছেন এবং তাঁকে আলিঙ্গন করার কথা বলেছেন। এ ঘটনার বিচারও দাবি করেন তিনি।
অভিযোগ অস্বীকার ওসির, তদন্তের কথা জানাল পুলিশ
ফোনালাপের সত্যতা স্বীকার করেছেন ওসি মোহাম্মদ ফয়জুল আজীম নোমান। তবে তাঁর দাবি, ওই নারীকে গ্রেপ্তারে ভিন্ন কৌশল অবলম্বনের অংশ হিসেবে এসব কথাবার্তা বলা হয়েছিল। পুলিশের কার্যক্রম বাধাগ্রস্ত করতে ওই নারী ষড়যন্ত্র করছেন বলেও অভিযোগ করেন তিনি। অর্থ লেনদেনসহ তাঁর বিরুদ্ধে ওঠা অন্য অভিযোগগুলোও অস্বীকার করেছেন ওসি।
এ বিষয়ে ফেনীর পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ বলেন, কল রেকর্ডগুলো ইতিমধ্যে তাঁদের নজরে এসেছে। এগুলো যাচাই-বাছাইয়ের জন্য পাঠানো হয়েছে। এ ধরনের ঘটনায় ওসির সম্পৃক্ততা প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
এর আগেও আদালতের নির্দেশে প্রত্যাহারের মুখে পড়েছিলেন ওসি
এর আগে গত আগস্টে মামলা নিতে অস্বীকার করার অভিযোগে দাগনভূঞা থানার ওসি ফয়জুল আজীম নোমানকে দায়িত্ব থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছিলেন ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেন আদালত।
আদালতের আদেশের পর অভিযোগ তদন্তে তৎকালীন পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছিলেন। তবে পরবর্তী সময়ে ওসিকে তাঁর আগের পদেই বহাল রাখা হয়।
এবার ফোনালাপ ফাঁস এবং থানাহাজতে শ্লীলতাহানির অভিযোগ সামনে আসায় নতুন করে প্রশ্নের মুখে পড়েছেন এই পুলিশ কর্মকর্তা। অডিওর বিষয়বস্তু, নারীর অভিযোগ এবং ওসির ব্যাখ্যা যাচাই করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটনের দাবি উঠেছে।

