আওয়ামী লীগ আর কখনো রাজনীতিতে ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক :
spot_img

নিজস্ব প্রতিবেদক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ভবিষ্যতে আর বাংলাদেশে ফিরে আসতে পারবে না, এমনকি গণতান্ত্রিক রাজনীতিতেও অংশ নিতে পারবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তাঁর দাবি, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে গণহত্যার পর দলটি রাজনৈতিক দলের স্বীকৃতি হারিয়েছে। নিজেদের কর্মকাণ্ডের মধ্য দিয়ে আওয়ামী লীগ একটি সন্ত্রাসী গোষ্ঠীতে পরিণত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

- Advertisement -

বুধবার (২৫ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সমসাময়িক বিভিন্ন বিষয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে বক্তব্য দিতে গিয়ে জার্মানির নাৎসি বাহিনীর উদাহরণ টানেন সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ইতিহাসে দেখা গেছে, গণহত্যাকারী ফ্যাসিস্ট ও মাফিয়া শক্তি পৃথিবীর কোথাও রাজনীতিতে ফিরে আসতে পারেনি। আওয়ামী লীগও পারবে না।

শেখ হাসিনাকে ফিরতে হবে প্রত্যর্পণ চুক্তিতে

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে তাঁকে বন্দী প্রত্যর্পণ চুক্তির (এক্সট্রাডিশন ট্রিটি) আওতায় দেশে ফিরতে হবে।

এ বিষয়ে সরকার ইতিমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সংশ্লিষ্ট দেশের কাছে কূটনৈতিক চ্যানেলে চিঠি পাঠিয়েছে। ওই দেশও আইনানুগভাবে বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে বলে উল্লেখ করেন তিনি।

শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাব্য সময় নিয়ে বিভিন্ন আলোচনা প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আসিব আসিব বলিয়া’ কত দিন পার হবে? কখনো নভেম্বর, কখনো ডিসেম্বর, আবার কখনো ১৬ ডিসেম্বরের কথা বলা হচ্ছে। এসব নিয়ে সরকারের কোনো উদ্বেগ বা চাপ নেই। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সব সময় সতর্ক রয়েছে।

নাশকতার নির্দেশনা সীমান্তের ওপার থেকে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রীর অভিযোগ, পলাতক আওয়ামী লীগ নেতারা সীমান্তের ওপারে পশ্চিম ও পূর্বাঞ্চলে অবস্থান করে দেশের ভেতরে থাকা নেতা-কর্মীদের বিভিন্ন নাশকতামূলক কর্মসূচির নির্দেশনা দিচ্ছেন। এসব কর্মসূচির মধ্যে মশালমিছিল, লকডাউন, শাটডাউন ও হরতাল রয়েছে।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, কেউ উগ্রবাদী তৎপরতা, অগ্নিসন্ত্রাস কিংবা জনগণের জানমালের ক্ষতি করার চেষ্টা করলে তাঁর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ করার আইনি প্রক্রিয়া সম্পর্কে মন্ত্রী বলেন, আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) (সংশোধন) আইন, ২০২৬ এবং সংবিধানের ৪৭ অনুচ্ছেদ অনুযায়ী মানবতাবিরোধী অপরাধে ব্যক্তি ও দল-সংগঠন উভয়কেই বিচারের আওতায় আনার বিধান রয়েছে। বিষয়টি বর্তমানে বিচারিক প্রক্রিয়ার মধ্যে রয়েছে।

তিনি জানান, অন্তর্বর্তী সরকারের প্রজ্ঞাপনের মাধ্যমে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি নির্বাচন কমিশন দলটির নিবন্ধন স্থগিত রেখেছে।

পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা, বিজিবি মোতায়েন নিয়মিত কার্যক্রম

গোপালগঞ্জে নাশকতা এবং পুলিশের কিছু কর্মকর্তার সম্পৃক্ততার বিষয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারি চাকরিতে থেকে রাজনৈতিক পক্ষপাতিত্ব বা ষড়যন্ত্রে জড়িত থাকার সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে কয়েকজন পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও বিভাগীয় মামলা হয়েছে।

সম্প্রতি গোপালগঞ্জের মুকসুদপুরের বাসিন্দা ও কর্মরত একজন অতিরিক্ত পুলিশ সুপারকেও প্রত্যাহার (ক্লোজ) করা হয়েছে বলে জানান তিনি।

বিভিন্ন জেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন প্রসঙ্গে মন্ত্রী বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কোনো এলাকায় অস্থিরতা সৃষ্টির আশঙ্কা দেখা দিলে পুলিশের পাশাপাশি বিজিবি মোতায়েন করা হয়। এটি নিয়মিত কার্যক্রমের অংশ। আসন্ন মহান বিজয় দিবস নির্বিঘ্নে উদযাপনের জন্য প্রয়োজনীয় নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

শ্রমিক অসন্তোষের পেছনে রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ

তৈরি পোশাকশিল্পে শ্রমিক অসন্তোষ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন, মজুরি বোর্ডের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ন্যূনতম মজুরি নির্ধারণ করায় প্রকৃত শ্রমিক ও মালিকেরা সন্তুষ্ট রয়েছেন।

তাঁর অভিযোগ, বর্তমানে শ্রমিক অধ্যুষিত এলাকায় গুজব ছড়িয়ে একটি মহল রাজনৈতিক উদ্দেশ্যে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। এর পেছনে কারা ইন্ধন দিচ্ছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের আলোচনা প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ জানান, প্রধানমন্ত্রী ইতিমধ্যে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কয়েকজন নেতার সঙ্গে সাক্ষাৎ করেছেন। জোটগতভাবে অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গেও বৈঠকের পরিকল্পনা রয়েছে।

ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ, শেখ হাসিনার প্রত্যর্পণ, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, শ্রমিক অসন্তোষ এবং বিজয় দিবসের নিরাপত্তা প্রস্তুতির বিষয়গুলো উঠে আসে।

সর্বশেষ