চুয়েটে ফের ‘কমপ্লিট শাটডাউন’, বন্ধ থাকবে সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম

মো.রাকিব,চট্টগ্রাম:
spot_img

মো.রাকিব,চট্টগ্রাম: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্যকে কেন্দ্র করে সৃষ্ট সংকটের সমাধান না হওয়ায় আবারও কঠোর আন্দোলনে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। এর অংশ হিসেবে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) থেকে বিশ্ববিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি শুরু হচ্ছে। এ কর্মসূচির আওতায় সব শিক্ষাবর্ষের একাডেমিক কার্যক্রমের পাশাপাশি প্রশাসনিক কার্যক্রমও বন্ধ থাকবে।

- Advertisement -

বুধবার (২৫ নভেম্বর) দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত এক আলোচনা সভা থেকে এ কর্মসূচি ঘোষণা করেন শিক্ষার্থীরা। চলমান আন্দোলনকে আরও সংগঠিত ও কার্যকর করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা এতে অংশ নেন।

শিক্ষার্থীদের অভিযোগ, দুই মাসের বেশি সময় ধরে উপাচার্যকে ঘিরে সৃষ্ট সংকট নিরসনের দাবিতে আন্দোলন চললেও এখন পর্যন্ত কার্যকর ও স্থায়ী কোনো সমাধান আসেনি। এ সময়ে শিক্ষার্থীরা বিভিন্ন কর্মসূচি পালন করলেও বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সংকট সমাধানে দৃশ্যমান অগ্রগতি হয়নি। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমে অনিশ্চয়তা তৈরি হয়েছে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন সাধারণ শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের পক্ষ থেকে দেওয়া ঘোষণায় বলা হয়, দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে আসার পরও সংকটের সমাধান না হওয়ায় কঠোর কর্মসূচি নিতে বাধ্য হয়েছেন তারা। দাবি পূরণ এবং সংকটের স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত কমপ্লিট শাটডাউন অব্যাহত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মোস্তাফা খালিদ বিন শামস বলেন, গত দুই মাসের বেশি সময় ধরে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে আন্দোলনে অংশ নিচ্ছেন। কিন্তু সংকট নিরসনে কার্যকর কোনো পদক্ষেপ দেখা যায়নি। এ কারণে সব ব্যাচের শিক্ষার্থীদের সম্মতিক্রমে বৃহস্পতিবার থেকে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

এদিকে শাটডাউন কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুর ২টায় চট্টগ্রামের ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) চট্টগ্রাম কেন্দ্রে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করবেন শিক্ষার্থীরা। একই দিন চুয়েটের উপাচার্য-সংক্রান্ত বিষয়ে সংবাদ সম্মেলন করার কথা রয়েছে আইইবির।

এর আগে বুধবার মধ্যরাতে আলোচনা সভা শেষে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। রাত ২টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শুরু হওয়া মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্বাধীনতা চত্বরে গিয়ে শেষ হয়।

দুই মাসের বেশি সময় ধরে চলা এ আন্দোলনের মধ্যে নতুন করে কমপ্লিট শাটডাউন ঘোষণায় চুয়েটের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম আরও অনিশ্চয়তার মুখে পড়েছে। সংকটের স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার অবস্থান জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

সর্বশেষ