কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সীমান্তপথে দেশে প্রবেশ ঠেকাতে ব্রাহ্মণবাড়িয়ার সীমান্ত এলাকায় রাতভর পাহারা দিচ্ছেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। জেলার কসবা উপজেলার বিভিন্ন সীমান্ত পয়েন্টে সতর্ক অবস্থানে থেকে নজরদারি চালাচ্ছেন তারা।
বুধবার (২৫ নভেম্বর) বিকেল থেকে জেলা বিএনপির উদ্যোগে এ কর্মসূচি শুরু হয়। আওয়ামী লীগের নেতা জাহাঙ্গীর কবির নানক, বাহাউদ্দীন নাছিমসহ দলটির নেতাকর্মীরা সীমান্ত দিয়ে দেশে প্রবেশ করতে পারেন—এমন খবরের পরিপ্রেক্ষিতে সীমান্ত এলাকায় পাহারা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন বিএনপি নেতারা।
এদিন বিকেলে কসবা সীমান্তের বিভিন্ন পয়েন্ট পরিদর্শন করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজ। এ সময় তিনি দলীয় নেতাকর্মীদের সতর্ক অবস্থান ও পাহারার কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন কসবা উপজেলা বিএনপির সহসভাপতি মোহাম্মদ ইলিয়াস, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান শাহিন, উপজেলা বিএনপির সহসভাপতি ইকলিল আযম, পৌর বিএনপির সভাপতি শরীফুল ইসলাম ভূঁইয়া, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. কামাল উদ্দিন, সাবেক পৌর বিএনপির সভাপতি আশরাফ আলী, সাবেক উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রউফ রতন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মেহেদী হাসান রুবেল এবং ছাত্রদল নেতা শহিদুল খাঁ ও সাদ্দাম হোসেনসহ স্থানীয় নেতাকর্মীরা।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ বলেন, কেন্দ্রীয় নেতাদের নির্দেশনা অনুযায়ী জেলার সীমান্তবর্তী তিন উপজেলা—কসবা, আখাউড়া ও বিজয়নগরের বিভিন্ন সীমান্ত পয়েন্টে দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকতে বলা হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা যাতে এসব সীমান্ত দিয়ে দেশে প্রবেশ করতে না পারেন, সে জন্য নজরদারি চালানো হচ্ছে।
তিনি আরও জানান, পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত সীমান্ত এলাকায় নেতাকর্মীদের সতর্ক অবস্থান ও পর্যবেক্ষণ কার্যক্রম অব্যাহত থাকবে।

