ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে আবারও কর্মবিরতি ও সড়ক অবরোধের চেষ্টা করেছেন গাজীপুরের পোশাকশ্রমিকেরা। বৃহস্পতিবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া বাইপাস এলাকায় শ্রমিকদের বিক্ষোভ ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে আগের দিনের তুলনায় জেলার শিল্পাঞ্চলে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক রয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল পৌনে ৯টার দিকে একদল পোশাকশ্রমিক মিছিল নিয়ে ভোগড়া বাইপাস এলাকায় গিয়ে মহাসড়ক অবরোধের চেষ্টা করেন। এ সময় পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের সরিয়ে দেয়। এতে কিছু সময় যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
এদিকে শ্রমিক অসন্তোষের আশঙ্কায় গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ি, পল্লী বিদ্যুৎসহ আশপাশের এলাকায় আটটি পোশাক কারখানা বৃহস্পতিবার বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে রাখা হয়েছে।
অন্যদিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সদর উপজেলার বাঘের বাজার ও ভবানীপুর এবং শ্রীপুর উপজেলার গড়গড়িয়া মাস্টারবাড়ি, বৈরাগীরচালা ও কেওয়াসহ কয়েকটি এলাকার কারখানায় তিন দিনের ছুটি ঘোষণা করা হয়েছে।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, আগের দিনগুলোর তুলনায় জেলার শিল্পাঞ্চলের পরিস্থিতি বর্তমানে অনেকটাই স্বাভাবিক রয়েছে। বিভিন্ন এলাকায় কারখানা চালু আছে এবং শ্রমিকেরা কাজে যোগ দিয়েছেন।
তিনি আরও জানান, শিল্পকারখানার উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রাখা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন এলাকায় অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

