রাজধানীর জিগাতলায় বাসার আলমারি থেকে এক ছাত্রলীগ নেতাকে বের করে পুলিশের হাতে তুলে দিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন। তবে আটকের পর ওই নেতাকে মারধর না করে কলা খাইয়ে দেওয়ার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে একটি ভিডিও। এ সময় শেখ হাসিনাকে উদ্দেশ করে ‘আপা আর আইবো না, আপা মারা গেছে’ বলেও মন্তব্য করেন তিনি।
বুধবার (২৫ নভেম্বর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। পরে আটক ওই ব্যক্তিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, নয়ন ও তাঁর অনুসারীরা জিগাতলার একটি বাসা থেকে ওই ছাত্রলীগ নেতাকে বের করে আনছেন। এ সময় আটক ব্যক্তি নিজেকে শুধু ছাত্র হিসেবে পরিচয় দেন। তবে নয়ন তাঁর রাজনৈতিক পরিচয়, পরিবারের সদস্যদের রাজনৈতিক সংশ্লিষ্টতা এবং অতীত কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন করেন।
ভিডিওতে নয়নকে বলতে শোনা যায়, রাত ২টার সময় কোনো তথ্য ছাড়াই তাঁরা সেখানে যাননি। ঢাকায় প্রবেশ করলে তাঁর নেটওয়ার্কের মাধ্যমে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের শনাক্ত করা সম্ভব বলেও দাবি করেন তিনি।
একপর্যায়ে আটক ব্যক্তিকে উদ্দেশ করে নয়ন বলেন, আদালতে গিয়ে অন্যদের জানাবেন, ঢাকায় এলে তাঁর জালে ধরা পড়তে হবে। একই সঙ্গে শেখ হাসিনাকে ইঙ্গিত করে বলেন, ‘আপা আর আইবো না; আপা মারা গেছে।’
ভিডিওর আরেকটি অংশে আটক ব্যক্তিকে তাঁর ছোট ভাইয়ের আওয়ামী লীগের মিছিলে অংশ নেওয়ার একটি ভিডিও দেখান নয়ন। এ সময় গোপালগঞ্জে রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে কথাবার্তাও বলতে শোনা যায় তাঁকে।
এরপর ওই ব্যক্তিকে নিজ হাতে একটি কলা খাইয়ে দেন যুবদল নেতা নয়ন। তিনি বলেন, তাঁকে মারধর করার অভিযোগ করা হলেও বাস্তবে ভালোবেসে খাবার খাওয়াচ্ছেন। এত রাতে ভালো ফল পাওয়া যায়নি বলেও মন্তব্য করেন তিনি। পরে নিজেও একটি কলা খান।
এ সময় উপস্থিত কয়েকজন বিক্ষুব্ধ ব্যক্তি আটক ব্যক্তিকে মারধরের ইঙ্গিত দিলেও নয়ন তাঁদের নিবৃত্ত করেন। তিনি বলেন, ‘না, মারা যাইবো না; কেউ মাইরো না।’ পরে পুলিশ তাঁকে নিয়ে যাওয়ার সময় উপস্থিত নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন।
এর আগে রাজধানীর পল্টন এলাকায় আওয়ামী লীগপন্থি এক আইনজীবীকে মারধরের অভিযোগ উঠেছিল রবিউল ইসলাম নয়ন ও তাঁর অনুসারীদের বিরুদ্ধে। রায়হান রনি নামের ওই আইনজীবীর অভিযোগ, আওয়ামী লীগপন্থি সন্দেহে তাঁকে কালভার্ট রোড এলাকায় মারধর করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এতে তাঁর মাথায় ১০টি সেলাই দিতে হয়েছিল এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে হয়।
ওই ঘটনা নিয়ে সমালোচনার পর নয়নের কর্মকাণ্ডে পরিবর্তন দেখা যায়। সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের আটকের পর তাঁদের খাবার পরিবেশন করে পুলিশের হাতে তুলে দেওয়ার একাধিক ভিডিও তাঁর ফেসবুক পেজে প্রকাশিত হয়েছে।
এর আগে পল্টন এলাকায় এক আওয়ামী লীগ নেতাকে ডিম, পানি ও কফি খাওয়ানো এবং এক যুবলীগ নেতাকে ফলমূল ও পনির দিয়ে আপ্যায়নের পর পুলিশের কাছে হস্তান্তরের ভিডিও প্রকাশ করা হয়। এসব ব্যক্তির বিরুদ্ধে নাশকতার পরিকল্পনার অভিযোগ তুলে তাঁদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়ার দাবি করেছেন যুবদল নেতা রবিউল ইসলাম নয়ন।

