সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী; আটক ১

নিজস্ব প্রতিবেদক :
spot_img

রাজধানীর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে মো. নয়ন নামে এক আইনজীবী আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১১টা ১৭ মিনিটের দিকে এ বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে রাজীব বোস নামে একজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন আইনজীবী ও স্থানীয়রা।

- Advertisement -

বিস্ফোরণের পর আহত আইনজীবী নয়নকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। হঠাৎ বিকট শব্দে আদালত এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঢাকার সিএমএম আদালতের হাজতখানার ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মোরশেদ আলম বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনার পরপরই উপস্থিত আইনজীবী ও স্থানীয়রা রাজীব বোস নামে এক যুবককে সন্দেহভাজন হিসেবে আটক করে পুলিশের হাতে তুলে দেন।

ঘটনাস্থল পরিদর্শন শেষে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপকমিশনার (ডিসি) মহিউদ্দিন মাহমুদ সোহেল সাংবাদিকদের বলেন, সিএমএম আদালতের ওপর থেকে ককটেল ফেলে বিস্ফোরণ ঘটানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। এ ঘটনায় আটক সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান তিনি।

এদিকে, বিস্ফোরণের খবর পেয়ে ঢাকা আইনজীবী সমিতির নেতারা ঘটনাস্থলে যান। সমিতির দপ্তর সম্পাদক মো. আবজাল হোসাইন মৃধা এ ঘটনার জন্য ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুসারীদের দায়ী করে অভিযোগ করেন, আদালত অঙ্গনে নৈরাজ্য সৃষ্টির উদ্দেশ্যে এ ঘটনা ঘটানো হয়েছে। এ ধরনের কর্মকাণ্ড প্রতিহত করতে আইনজীবীরা প্রস্তুত রয়েছেন বলেও জানান তিনি।

তবে বিস্ফোরণের ঘটনায় কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণসহ ঘটনার তদন্ত করছে।

সর্বশেষ