রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগে পুলিশের চার কর্মকর্তাকে আটক ও গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে বাহিনীর ভেতরে সন্দেহভাজন সদস্যদের কার্যক্রম পর্যবেক্ষণে নজরদারি বাড়িয়েছে পুলিশ সদর দপ্তর। ডিসেম্বর মাসকে সামনে রেখে সম্ভাব্য নাশকতা ও সহিংসতা ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পুলিশ সদর দপ্তরের মুখপাত্র ও এআইজি (মিডিয়া) কামারুম মুনিরা সাংবাদিকদের এসব তথ্য জানান।
আটক ও গ্রেপ্তার হওয়া চার কর্মকর্তা হলেন পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসান, পুলিশ সুপার মো. আবুল কালাম আজাদ এবং অতিরিক্ত পুলিশ সুপার মো. রাকিবুল হাসান।
কামারুম মুনিরা বলেন, ডিসেম্বরকে কেন্দ্র করে কোনো ধরনের নাশকতা কিংবা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের সুযোগ দেওয়া হবে না। নিষিদ্ধ সংগঠনের ঘোষিত রাজনৈতিক কর্মসূচি প্রতিহত করতে আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। এ বিষয়ে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
তিনি আরও জানান, বাহিনীর বাইরের হুমকির পাশাপাশি অভ্যন্তরীণ বিষয়েও নজর রাখা হচ্ছে। সন্দেহভাজন পুলিশ সদস্যদের কর্মকাণ্ড ও চলাফেরা পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পুলিশ সূত্রে জানা গেছে, চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সে কর্মরত পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে গত ১৪ নভেম্বর রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার করা হয়। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগ এবং পুলিশের অভ্যন্তরীণ তথ্য সরবরাহের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
অন্যদিকে, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি-১৪) ভৈরব কোম্পানির কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসানকে ২৪ নভেম্বর গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গোপালগঞ্জে সাম্প্রতিক নাশকতার ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। পরে পল্টন থানায় করা একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয় তাকে।
এ ছাড়া বুধবার (২৫ নভেম্বর) ডিবি আরও দুই পুলিশ কর্মকর্তাকে আটক করে। তাদের একজন ২৫তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা পুলিশ সুপার মো. আবুল কালাম আজাদ। তিনি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) কর্মরত ছিলেন। গাজীপুর থেকে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেপ্তারের রিকুইজিশন ছিল।
অপর কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার মো. রাকিবুল হাসান ৩৩তম বিসিএসের কর্মকর্তা। নোয়াখালী ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার থেকে তাকে আটক করা হয়। পরে একটি নিয়মিত মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
এদিকে ডিসেম্বরজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের বিশেষ সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছে পুলিশ সদর দপ্তর। সীমান্তবর্তী এলাকাগুলোতে নিরাপত্তা জোরদারের পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থাপনা, থানা ও পুলিশ সদস্যদের সুরক্ষায় বাড়তি ব্যবস্থা নেওয়া হয়েছে।

