মো.রাকিব,চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনার বিরুদ্ধে অভিযান চালিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) নগরীর জামালখান থেকে চেরাগী পাহাড়, কাজীর দেউরী হয়ে নূর আহমদ সড়ক পর্যন্ত পরিচালিত এ অভিযানে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এ সময় ৯টি দোকান, ৯টি গ্যাস সিলিন্ডার ও দুটি লোহার বক্স জব্দ করা হয়।
চসিকের স্পেশাল ম্যাজিস্ট্রেট মো. সোয়েব উদ্দিন খান (যুগ্ম জেলা ও দায়রা জজ) ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করেন। কোতোয়ালী থানার আওতাধীন এসব এলাকায় সড়ক ও ফুটপাত দখল করে রাখা অবৈধ স্থাপনা সরিয়ে দেওয়া হয়।
অভিযান চলাকালে ফুটপাত ও সড়কের ওপর বসানো দোকানসহ বিভিন্ন ধরনের স্থাপনা উচ্ছেদ করা হয়। একই সঙ্গে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে এমন মালামালও জব্দ করা হয়।
অভিযানে চট্টগ্রাম সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সদস্যরা অংশ নেন। তারা ভ্রাম্যমাণ আদালতকে উচ্ছেদ কার্যক্রম পরিচালনায় সহযোগিতা করেন।
চসিক জানিয়েছে, নগরীর সড়ক ও ফুটপাত দখলমুক্ত করে পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। জনসাধারণের চলাচলে বাধা সৃষ্টি করে এমন অবৈধ দখল উচ্ছেদে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

