কোনো প্রাণীর প্রতি নিষ্ঠুর আচরণ না করা এবং অকারণে তাদের কষ্ট দেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, প্রাণীর যত্ন নেওয়ার সামর্থ্য না থাকলেও অন্তত তাদের ক্ষতি করা যাবে না।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে পুরোনো বাণিজ্য মেলার মাঠে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, সমাজে প্রায়ই দেখা যায়, মানুষ অকারণে বিভিন্ন প্রাণীর ওপর নির্যাতন চালায় এবং তাদের কষ্ট দেয়। এ ধরনের আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আল্লাহ মানুষের কল্যাণ ও প্রয়োজনে প্রাণী সৃষ্টি করেছেন। তাই প্রতিটি প্রাণীর প্রতি মানুষের দায়িত্বশীল ও সহানুভূতিশীল আচরণ করা উচিত।
তিনি বলেন, ‘যত্ন নিতে না পারলেও অন্তত কোনো প্রাণীর ক্ষতি করা থেকে যেন আমরা সবাই বিরত থাকি।’ সম্ভব হলে প্রাণীদের যত্ন নেওয়া এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করতেও সবার প্রতি আহ্বান জানান তিনি।
প্রাণীর প্রতি মমত্ববোধ গড়ে তুলতে শিশু-কিশোরদের পারিবারিক শিক্ষার ওপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ছোটবেলা থেকেই শিশুদের জীবজন্তুর প্রতি ভালোবাসা, সহমর্মিতা ও দায়িত্ববোধের শিক্ষা দিতে হবে। তাদের বোঝাতে হবে, মানুষের পাশাপাশি প্রতিটি প্রাণীরও বেঁচে থাকার অধিকার রয়েছে।
তারেক রহমান বলেন, ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে প্রাণীর প্রতি সহানুভূতি ও দায়িত্বশীলতার মানসিকতা তৈরি করা গেলে মানুষ, জীবজন্তু ও প্রকৃতির মধ্যে সহাবস্থান নিশ্চিত করা সম্ভব হবে। এমন একটি পরিবেশ গড়ে তুলতে হবে, যেখানে শুধু মানুষ নয়, প্রতিটি জীব নিরাপদে বসবাস করতে পারে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

