ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য প্রয়াত আনোয়ারুল আজিম আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিনকে বিস্ফোরকদ্রব্য আইনের একটি মামলায় তিন দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। রাজধানীর যাত্রাবাড়ী থানায় দায়ের করা এ মামলায় জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হলেও আদালত তিন দিনের অনুমতি দেন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাতের আদালত এ আদেশ দেন। এর আগে ডরিনকে আদালতে হাজির করে মামলার তদন্তকারী কর্মকর্তা ও ডিবি ওয়ারী জোনাল টিমের উপপরিদর্শক (এসআই) মো. শাহাদাত হোসেন নাফিজ পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন।
এর আগে বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে রাজধানীর মোহাম্মদপুর থানার লালমাটিয়া এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে ডরিনকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, গ্রেপ্তার ডরিন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও দলটির অঙ্গসংগঠনের সক্রিয় সদস্য ও সমর্থক। মামলার অন্য আসামিদের সঙ্গে যোগসাজশে দেশের সার্বভৌমত্বের ওপর আঘাত, জননিরাপত্তা বিঘ্নিত করা এবং বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে তিনি দেশবিরোধী কর্মকাণ্ডে অংশ নিয়েছেন বলে অভিযোগ রয়েছে।
আবেদনে আরও বলা হয়, ঘটনার সঙ্গে তার সংশ্লিষ্টতার বিষয়ে প্রাথমিকভাবে সাক্ষ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে। মামলার পলাতক ও অজ্ঞাতনামা আসামিদের শনাক্ত, গ্রেপ্তার এবং ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। এসব কারণ দেখিয়ে পাঁচ দিনের রিমান্ড চাওয়া হয়েছিল।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৯ নভেম্বর রাতে যাত্রাবাড়ী থানার একটি পুলিশ টহল দল যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকায় দায়িত্ব পালন করছিল। এ সময় তারা খবর পায়, যাত্রাবাড়ী-ডেমরা সড়কের কাজলা টোল প্লাজার সামনে দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করেছে এবং জনসাধারণের স্বাভাবিক চলাচলে বিঘ্ন ঘটিয়েছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিস্ফোরণের সত্যতা পায়। পরে সেখান থেকে লাল টেপ মোড়ানো কৌটার পোড়া অংশ, কৌটার অন্যান্য অংশ, একটি ছোট টিনের টুকরা, ১২টি তারকাঁটা এবং একটি ছোট কাঁচের টুকরা উদ্ধার করা হয়।
এ ঘটনায় পরদিন ১০ নভেম্বর যাত্রাবাড়ী থানায় বিস্ফোরকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।

