খিলগাঁও থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নুরুজ্জামান জনিকে ‘ক্রসফায়ারের’ নামে হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় পুলিশ সুপার (এসপি) আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) গাজীপুরের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা তাঁকে গ্রেপ্তার করেন।
ডিএমপির ডিবি প্রধান শফিকুল ইসলাম গণমাধ্যমকে জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রিকুইজিশনের ভিত্তিতে আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সোপর্দ করা হবে। ছাত্রদল নেতা নুরুজ্জামান জনিকে ক্রসফায়ারে হত্যার অভিযোগে করা মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
আবুল কালাম আজাদ ২৫তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা। তাঁর বাড়ি ঝালকাঠি জেলায়। গ্রেপ্তারের আগে তিনি গাজীপুরের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে কর্মরত ছিলেন।
মামলার অভিযোগ অনুযায়ী, ২০১৫ সালের ১৯ ফেব্রুয়ারি খিলগাঁও থানা ছাত্রদলের তৎকালীন সাধারণ সম্পাদক নুরুজ্জামান জনিকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে তুলে নিয়ে যায় পুলিশ। এ সময় তাঁর সঙ্গে ছাত্রদল নেতা মহিউদ্দিনকেও আটক করা হয়।
অভিযোগে বলা হয়, ওই দিন রাত সাড়ে ৩টার দিকে খিলগাঁও খেলার মাঠে বন্দুকযুদ্ধের ঘটনা সাজিয়ে জনিকে গুলি করে হত্যা করা হয়। এ হত্যাকাণ্ডে আবুল কালাম আজাদের বিরুদ্ধে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে।
জনি হত্যার ঘটনায় ২০২৪ সালের সেপ্টেম্বরে খিলগাঁও থানায় মামলা করেন তাঁর বাবা ইয়াকুব আলী। মামলায় ৬২ জনকে আসামি করা হয়। ওই মামলার তদন্ত ও বিচারপ্রক্রিয়ার অংশ হিসেবেই আবুল কালাম আজাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নির্দেশনা অনুযায়ী তাঁকে গ্রেপ্তারের পর আদালতে হাজির করার কথা জানিয়েছে ডিবি।

