রাজধানীতে গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়ে ৫১৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৫৪ জন নেতাকর্মী রয়েছেন। এ সময় অস্ত্র, গুলি, ককটেল ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) সকালে ডিএমপির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোট ৫১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময়ে নগরীর বিভিন্ন থানায় ৫১টি মামলা হয়েছে।
ডিএমপির আটটি অপরাধ বিভাগের মধ্যে সবচেয়ে বেশি গ্রেপ্তার করা হয়েছে মিরপুর বিভাগে। এ বিভাগ থেকে ১৪৬ জনকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া ওয়ারী বিভাগে ৮০, তেজগাঁওয়ে ৭৬, মতিঝিলে ৫৭, গুলশানে ৪৫, উত্তরা বিভাগে ৪১, লালবাগে ৪৭ এবং রমনা বিভাগে ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি গোয়েন্দা বিভাগ (ডিবি) তিনজন এবং স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ) একজনকে গ্রেপ্তার করেছে।
অভিযান চলাকালে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, চার রাউন্ড গুলি, একটি অবিস্ফোরিত ককটেল এবং চারটি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ উদ্ধার করা হয়।
এ ছাড়া পুলিশের অভিযানে ১২ কেজি ৭০০ গ্রাম গাঁজা ও ৯ হাজার ১৫৮টি ইয়াবা উদ্ধার হয়েছে। একই সময়ে একটি বাস ও একজন ভুক্তভোগীকেও উদ্ধার করেছে ডিএমপি।
রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন এবং বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে এ অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছে পুলিশ।

