কিশোরগঞ্জ-৩ উপনির্বাচন

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের শ্যালককে কেন প্রার্থী করল জামায়াত

নিজস্ব প্রতিবেদক :
spot_img

কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী হিসেবে হৃদ্‌রোগ বিশেষজ্ঞ কর্নেল (অব.) অধ্যাপক জিহাদ খানের নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তিনি দলটির কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য। পাশাপাশি তিনি সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের শ্যালক।

- Advertisement -

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে জামায়াতের কেন্দ্র থেকে তাঁর প্রার্থিতার বিষয়টি জানানো হয়। পরে কিশোরগঞ্জ জেলা জামায়াতের আমির মোহাম্মদ আজিজুল হক বিষয়টি নিশ্চিত করেন।

দীর্ঘদিন ধরে চিকিৎসাসেবার সঙ্গে যুক্ত জিহাদ খান বর্তমানে ইবনে সিনা হাসপাতালে হৃদ্‌রোগ বিশেষজ্ঞ হিসেবে কর্মরত। এর আগে তিনি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) হৃদ্‌রোগ বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

জিহাদ খান প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজের অধ্যক্ষ এবং জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি অধ্যাপক চিকিৎসক আ ন ম নৌশাদ খানের ছোট ভাই।

প্রার্থী হওয়ার বিষয়ে জিহাদ খান জানান, দীর্ঘদিন ধরে দেশ-বিদেশের বহু মানুষকে চিকিৎসাসেবা ও বিভিন্নভাবে সহযোগিতা করার সুযোগ হয়েছে তাঁর। তবে নিজের এলাকার মানুষের জন্য সরাসরি কাজ করার সুযোগ সেভাবে হয়নি। এবার সেই সুযোগ কাজে লাগাতে চান তিনি।

তিনি বলেন, করিমগঞ্জ ও তাড়াইলের মানুষের সেবা করাই তাঁর লক্ষ্য। এর আগেও আওয়ামী লীগ, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা তাঁর কাছে চিকিৎসাসেবা ও সহযোগিতার জন্য গেছেন। ইবনে সিনা হাসপাতালে চিকিৎসা দেওয়ার পাশাপাশি সাধ্যমতো তাঁদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন।

জিহাদ খানের ভাষ্য, গত ১৫ থেকে ১৬ বছর ধরে তিনি কিশোরগঞ্জ জামায়াতের নেতাকর্মীদের নিয়মিত খোঁজখবর রেখেছেন এবং বিভিন্নভাবে সহযোগিতা করে আসছেন।

এদিকে রাজনৈতিক সংকট নিরসনে প্রধানমন্ত্রীর আহ্বানে অনুষ্ঠেয় সংলাপে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট একসঙ্গে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। নির্বাচন কমিশনের সঙ্গে ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে আলোচনার ক্ষেত্রেও জোটবদ্ধ অবস্থান বজায় রাখবে দলগুলো।

বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাহী পরিষদের বৈঠক শেষে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এসব তথ্য জানান। ওই ব্রিফিংয়ে কিশোরগঞ্জ-৩ আসনে জিহাদ খানের প্রার্থিতার বিষয়টিও সামনে আসে।

উল্লেখ্য, জামায়াতের পক্ষ থেকে তাঁকে আগামী জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।

সর্বশেষ