ফ্যামিলি কার্ডের আওতায় ৭৪ হাজার পরিবার, তথ্য সংগ্রহ ৫৯ লাখের

নিজস্ব প্রতিবেদক :
spot_img

সরকারের ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় এখন পর্যন্ত ৭৪ হাজার ২৫৯টি পরিবার নিয়মিত ভাতা পাচ্ছে। পর্যায়ক্রমে দেশের প্রায় ৪ কোটি ১০ লাখ পরিবারকে এ কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্য সামনে রেখে দেশজুড়ে পরিবারগুলোর তথ্য সংগ্রহ করছে সরকার। গত ২৩ নভেম্বর পর্যন্ত ৫৯ লাখ ১৬ হাজার ৭৯৬টি পরিবারের তথ্য সংগ্রহ সম্পন্ন হয়েছে।

- Advertisement -

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে এসব তথ্য তুলে ধরা হয়। বৈঠকে প্রকৃত দরিদ্র ও অসহায় পরিবারকে উপকারভোগী হিসেবে নির্বাচনের পাশাপাশি ভাতার অর্থ বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার নির্দেশনা দিয়েছে সংসদীয় কমিটি।

বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ফ্যামিলি কার্ড চালু করেছে সরকার। নিম্ন আয়ের ও দরিদ্র পরিবারকে সরাসরি আর্থিক সহায়তা দেওয়াই এ উদ্যোগের মূল লক্ষ্য। কর্মসূচির আওতায় প্রতিটি পরিবারের নারী সদস্যকে মাসে ২ হাজার ৫০০ টাকা করে ভাতা দেওয়া হচ্ছে। গত ১০ মার্চ প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন। সমাজকল্যাণ মন্ত্রণালয় এটি বাস্তবায়ন করছে।

পাইলট প্রকল্পে ভাতা পাচ্ছে ৭৪ হাজার পরিবার

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরের ফেব্রুয়ারি থেকে জুন পর্যন্ত পরীক্ষামূলক পর্যায়ে দেশের আট বিভাগের ৪২টি জেলার ৫৫টি ওয়ার্ডে ১ লাখ ১২ হাজার ৯৪টি পরিবারের তথ্য সংগ্রহ করা হয়। পরে পরিবারের আর্থসামাজিক অবস্থা যাচাইয়ের পদ্ধতি প্রক্সি মিনস টেস্ট (পিএমটি) স্কোরের ভিত্তিতে ৭৭ হাজার ৮৯৪ জন নারীকে কার্ডের জন্য নির্বাচিত করা হয়। তাঁদের মধ্যে মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৭৪ হাজার ২৫৯টি পরিবার ভাতার আওতায় এসেছে।

ডিসেম্বরের মধ্যে তথ্য সংগ্রহ শেষের লক্ষ্য

২০২৬-২৭ অর্থবছরে দেশব্যাপী কর্মসূচি বাস্তবায়নের প্রস্তুতি হিসেবে গত ১২ অক্টোবর থেকে নতুন করে পরিবারের তথ্য সংগ্রহ শুরু হয়েছে। আগামী ডিসেম্বরের মধ্যে এ কার্যক্রম শেষ করার পরিকল্পনা রয়েছে। এ জন্য মাঠপর্যায়ে প্রায় ৭০ হাজার তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ দেওয়া হয়েছে। তথ্য সংগ্রহের কাজে ব্যবহার করা হচ্ছে ৬৬ হাজার ৮১৫টি ট্যাব।

ব্যাংক ও মোবাইল ওয়ালেটে পৌঁছাবে ভাতা

ফ্যামিলি কার্ডের অর্থ সরাসরি উপকারভোগীদের ব্যাংক হিসাব অথবা মোবাইল ওয়ালেটে পাঠানো হচ্ছে। ব্যাংকের এটিএম বুথ, পয়েন্ট অব সেলস (পিওএস) মেশিন এবং মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের (এমএফএস) এজেন্টের মাধ্যমে এসব অর্থ উত্তোলন করা যাবে।

এ কার্যক্রমে সোনালী, জনতা, কৃষি ও পূবালী ব্যাংককে যুক্ত করা হয়েছে। এসব ব্যাংকের মাধ্যমে উপকারভোগীদের হিসাব খোলা, কার্ড তৈরি ও ব্যাংকিং সেবা দেওয়া হচ্ছে। অর্থ লেনদেন আরও সহজ করতে বাংলাদেশ ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক ও এমএফএস অপারেটরগুলোর মধ্যে আন্তঃসংযোগ স্থাপনের কাজও চলছে।

এ ছাড়া উপকারভোগীদের সিমকার্ড, ইন্টারনেট সেবা ও ডিভাইসের নিরাপত্তা নিশ্চিত করতে গ্রামীণফোন ও রবিকে কর্মএলাকা ভাগ করে দেওয়া হয়েছে।

উপকারভোগী নির্বাচনে একাধিকবার যাচাইয়ের নির্দেশ

সংসদীয় কমিটির বৈঠক শেষে সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রকৃত উপকারভোগী নির্বাচন থেকে শুরু করে তথ্য যাচাই ও অর্থ বিতরণ পর্যন্ত প্রতিটি পর্যায়ে স্বচ্ছতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। প্রয়োজনে একাধিকবার তদন্ত, যাচাই-বাছাই ও গণশুনানির মাধ্যমে প্রকৃত উপকারভোগী শনাক্ত করার ব্যবস্থাও রয়েছে বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে কমিটিকে জানানো হয়েছে।

বৈঠকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের চলমান প্রকল্পগুলোর অগ্রগতি নিয়মিত পর্যালোচনা এবং পিছিয়ে থাকা প্রকল্প দ্রুত শেষ করার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি সমাজসেবা অধিদপ্তরের জেলা ও উপজেলা পর্যায়ের কার্যক্রম নিয়মিত পরিদর্শন এবং সেবা প্রদানে অনিয়ম বা অব্যবস্থাপনা পাওয়া গেলে দ্রুত ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি মো. শাহজাহান প্রথম আলোকে বলেন, ফ্যামিলি কার্ড বিতরণে স্বচ্ছতা বজায় রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। ধর্ম-বর্ণনির্বিশেষে যাঁরা প্রকৃতপক্ষে কার্ড পাওয়ার যোগ্য, তাঁদের হাতে যেন কার্ড পৌঁছায়, তা নিশ্চিত করতে বলা হয়েছে।

মো. শাহজাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেনসহ সংসদীয় কমিটির অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

সর্বশেষ