কুয়েতে একটি স্থাপনায় ড্রোন হামলার ঘটনায় দুই ইতালীয় নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় ইরানকে দায়ী করেছে ইতালি ও কুয়েত। তবে হামলায় জড়িত থাকার অভিযোগ নাকচ করেছে তেহরান। ইরানের দাবি, ঘটনাটি সন্দেহজনক এবং এর পেছনে অন্য কোনো পক্ষের উদ্দেশ্য থাকতে পারে।
নিহত দুই ইতালীয় নাগরিক জার্মানির অস্ত্র প্রস্তুতকারক প্রতিষ্ঠান রাইনমেটালের হয়ে কারিগরি কর্মী হিসেবে কাজ করতেন। ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
এর আগে বৃহস্পতিবার কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ইরান থেকে আসা কয়েকটি ড্রোন শনাক্ত করে প্রতিহত করা হয়েছে। এ সময় ড্রোনগুলোর ধ্বংসাবশেষ পড়ে চারজন আহত হন। তাঁদের মধ্যে দুই ইতালীয় নাগরিক ছাড়াও একজন কুয়েতি ও একজন পাকিস্তানি নাগরিক ছিলেন।
ঘটনার পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি হামলার সঙ্গে তেহরানের সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার করেন। ইতালি ও কুয়েতের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে টেলিফোনে কথা বলার সময় তিনি নিহতদের ঘটনায় শোক প্রকাশ করেন।
আরাঘচি ঘটনাটিকে ‘সন্দেহজনক’ উল্লেখ করে বলেন, এর প্রকৃত কারণ অনুসন্ধানে কুয়েত ও ইতালির সঙ্গে কাজ করবে ইরান। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, যুদ্ধের পক্ষে জনমত তৈরি করতে এটি আগে থেকে সাজানো কোনো পরিকল্পনার অংশ হতে পারে। তবে এ দাবির পক্ষে বিস্তারিত তথ্য দেননি তিনি।
এদিকে ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র আবোলফজল শেখারচিও কুয়েতে কোনো সামরিক বা আক্রমণাত্মক অভিযান পরিচালনার অভিযোগ অস্বীকার করেছেন।
হামলার দায় নিয়ে ইতালি ও কুয়েতের অভিযোগ এবং ইরানের অস্বীকৃতির মধ্যে ঘটনাটি নিয়ে নতুন করে কূটনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে এ ঘটনা আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল করে তুলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সূত্র: বিবিসি

