চট্টগ্রামের মিরসরাইয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে উপজেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মায়ানী ইউনিয়ন যুবলীগের সদস্য ইমাম হোসেন ইমাম (২৩), মঘাদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মো. সাইফুল ইসলাম (৪৩), সাহেরখালী ইউনিয়ন যুবলীগের সদস্য মো. নুর মোস্তফা (৪৩), মঘাদিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির সুখচাঁন (৬০) এবং সাহেরখালী ইউনিয়ন ছাত্রলীগের সহসাধারণ সম্পাদক আশারফ উদ্দিন তুহিন (২৩)।
শুক্রবার (২৭ নভেম্বর) দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন।
তিনি জানান, বৃহস্পতিবার পুলিশের একাধিক দল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করে। সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তারের পর তাদের আদালতে পাঠানো হয়েছে।

