সিলেটে বিএনপি এমপির বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা পরিবার

নিজস্ব প্রতিবেদক :
spot_img

সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম এ মালেকের বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। শনিবার (২৮ নভেম্বর) ভোরে দক্ষিণ সুরমা উপজেলার তেতলী এলাকায় এ ঘটনা ঘটে। হামলার সময় স্ত্রী ও ছেলেকে নিয়ে বাড়িতেই ছিলেন তিনি। পেট্রলবোমার আগুনে বাড়ির টিনের চালের একাংশ পুড়ে গেলেও নিরাপত্তাকর্মীদের তৎপরতায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।

- Advertisement -

সংসদ সদস্য এম এ মালেক জানান, ভোরে বিকট শব্দে তাঁর ঘুম ভেঙে যায়। পরে বাইরে বের হয়ে বাড়িতে আগুন লাগার বিষয়টি দেখতে পান। পেট্রলবোমা নিক্ষেপের কারণে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানতে পারেন তিনি। শব্দ শুনে তাঁর স্ত্রী ও ছেলেও ঘর থেকে বেরিয়ে আসেন।

এম এ মালেকের ভাষ্য, হামলাকারীরা একটি লেগুনায় করে এসে পেট্রলবোমা ছুড়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এ সময় বাড়িতে থাকা চারজন নিরাপত্তাকর্মী দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে বাড়ির টিনের চালের একটি অংশ পুড়ে গেলেও আগুন ছড়িয়ে পড়েনি।

ঘটনায় ক্ষোভ প্রকাশ করে সংসদ সদস্য এম এ মালেক হামলার জন্য শেখ হাসিনার অনুসারীদের দায়ী করেছেন। তিনি বলেন, সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর নিজ নির্বাচনী এলাকার মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে কাজ করছেন। দলীয় পরিচয়ের ভিত্তিতে কারও সঙ্গে ভেদাভেদ করেননি। এরপরও তাঁকে এমন হামলার শিকার হতে হয়েছে।

এদিকে, ঘটনার ভিডিও পর্যালোচনা করে হামলায় প্রাথমিকভাবে দুজনের জড়িত থাকার বিষয়ে ধারণা করছে পুলিশ।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. আফজাল হোসেন বলেন, ভিডিও বিশ্লেষণে দুজনের সম্পৃক্ততার প্রাথমিক ধারণা পাওয়া গেছে। পাশাপাশি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন এ হামলার সঙ্গে জড়িত থাকতে পারে বলেও প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

তবে হামলার পেছনের কারণ, জড়িত ব্যক্তিদের পরিচয় এবং তাঁদের অবস্থান সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

সর্বশেষ