দীর্ঘ ১৭ মাস দর্শকদের হাসি-আনন্দে মাতিয়ে রাখার পর শেষ হয়েছে জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’। তবে হাস্যরসের মধ্য দিয়ে শুরু হওয়া এই ধারাবাহিকের সমাপ্তি হয়েছে বিষাদময় আবহে। শেষ পর্বে কাবিলার মা পলি চেয়ারম্যানের মৃত্যু এবং মাকে হারিয়ে কাবিলার কান্নার দৃশ্য দর্শকদের আবেগাপ্লুত করেছে।
কাজল আরেফিন অমির পরিচালনায় নাটকটির পঞ্চম সিজনে কাবিলা চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল হক পলাশ। দীর্ঘদিন ধরে দর্শকদের হাসিয়ে আসা এই চরিত্রের এমন অসহায় ও আবেগঘন রূপ শেষ পর্বে নতুনভাবে আলোচনায় এসেছে।
ধারাবাহিকটির গল্পে কাবিলা বরাবরই চঞ্চল, প্রাণবন্ত ও হাস্যরসাত্মক চরিত্র হিসেবে পরিচিত। বন্ধুদের সঙ্গে খুনসুটি, দুষ্টুমি আর নানা কাণ্ডে মাতিয়ে রাখত দর্শকদের। কিন্তু শেষ পর্বে মায়ের মৃত্যুতে সেই চেনা কাবিলাকে দেখা যায় সম্পূর্ণ ভিন্ন রূপে। মাকে হারানোর শোক, কান্না এবং বন্ধুদের কাছে তার অসহায়ত্বের প্রকাশ গল্পে বিষাদের আবহ তৈরি করে।
শেষ পর্ব প্রচারের পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইউটিউবে দর্শকদের নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। বিশেষ করে জিয়াউল হক পলাশের অভিনয়ের প্রশংসা করছেন অনেকে। দর্শকদের মন্তব্য, কাবিলার কান্নার দৃশ্য এতটাই আবেগপূর্ণ ছিল যে তা পর্দার অভিনয় না হয়ে বাস্তব জীবনের কোনো শোকের মুহূর্ত বলে মনে হয়েছে।
এক দর্শক মন্তব্যে লিখেছেন, ‘যাদের পাগলামিতে এত দিন প্রাণ খুলে হাসতাম, শেষ পর্বে তাদের এই অসহায়ত্ব ও কাবিলার কান্না বুকটা ফাঁকা করে দিয়েছে।’
নাটকটির শুটিংয়ের শেষ দিনেও তৈরি হয়েছিল আবেগঘন পরিবেশ। সেদিন ‘র্যাগ ডে’ আয়োজনের মধ্য দিয়ে শিল্পী ও কলাকুশলীরা দীর্ঘদিনের কাজের স্মৃতি ভাগাভাগি করেন। বিদায়ের মুহূর্তে অনেকেই আবেগ ধরে রাখতে পারেননি।
শুটিংয়ের শেষ দিনের সেই আবেগ এবার পর্দার শেষ পর্বেও ছুঁয়ে গেছে দর্শকদের। দীর্ঘদিনের পরিচিত চরিত্রগুলোর বিদায় এবং কাবিলার মাকে হারানোর দৃশ্য মিলিয়ে ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এর সমাপ্তি দর্শকদের মনে রেখে গেছে ভিন্ন এক অনুভূতি।

