মো.মোক্তার হোসেন বাবু,চট্টগ্রাম: চট্টগ্রামের জেলে পরিবারের মেধাবী সন্তানদের শিক্ষার সুযোগ বাড়াতে শিক্ষাবৃত্তি দেওয়ার উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। একই সঙ্গে জেলে সম্প্রদায়ের শিশুদের প্রাতিষ্ঠানিক শিক্ষার আওতায় আনতে নগরের আকমল আলী ঘাট এলাকায় একটি বিদ্যালয় প্রতিষ্ঠার পরিকল্পনা নেওয়া হয়েছে। শিশুদের চাহিদা অনুযায়ী ক্রীড়াসামগ্রী দেওয়ার উদ্যোগও নেওয়া হবে।
শনিবার (২৮ নভেম্বর) জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে নগরের আকমল আলী ঘাটের জেলেপল্লিতে আয়োজিত এক অনুষ্ঠানে এসব উদ্যোগের কথা জানান চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। জেলা প্রশাসন ও প্রাণিসম্পদ দপ্তরের তিন দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় শিশুদের মধ্যে দুধ, ডিম ও চকলেট বিতরণ করা হয়।
অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, গত কয়েক দশকে দেশের বিভিন্ন জনগোষ্ঠীর জীবনমানে পরিবর্তন এলেও জেলে সম্প্রদায়ের আর্থসামাজিক অবস্থার প্রত্যাশিত উন্নতি হয়নি। অথচ দেশের মানুষের আমিষের চাহিদা পূরণে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন জেলেরা। তাদের জীবনমান উন্নয়নের পাশাপাশি পেশাগত ঝুঁকি কমাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো প্রয়োজন।
তিনি বলেন, প্রযুক্তিকে এড়িয়ে নয়, বরং আয়ত্ত করে এগিয়ে যেতে হবে। প্রযুক্তির ব্যবহার সম্পর্কে ধারণা না থাকলে মানুষই প্রযুক্তির নিয়ন্ত্রণে চলে যাবে। সময়ের সঙ্গে তাল মেলাতে না পারলে জেলে সম্প্রদায় প্রতিযোগিতায় পিছিয়ে পড়বে এবং তাদের দীর্ঘদিনের পেশাগত ঐতিহ্যও হুমকির মুখে পড়তে পারে।
জেলে পরিবারের শিশুদের শিক্ষার সুযোগ বাড়ানোর বিষয়ে জেলা প্রশাসক বলেন, স্বপ্ন ফাউন্ডেশনের সহযোগিতায় আকমল আলী ঘাট এলাকায় একটি বিদ্যালয় প্রতিষ্ঠার পরিকল্পনা করা হয়েছে। তবে শুধু বিদ্যালয় নির্মাণ কিংবা অবকাঠামোগত সুবিধা নিশ্চিত করলেই হবে না। অভিভাবকদের সন্তানদের নিয়মিত বিদ্যালয়ে পাঠাতে হবে। শিশুদের শিক্ষিত ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে পরিবার, শিক্ষক ও সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
তিনি আরও জানান, জেলে পরিবারের যেসব শিক্ষার্থী লেখাপড়ায় ভালো ফল করবে, তাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে শিক্ষাবৃত্তি দেওয়ার ব্যবস্থা করার চেষ্টা চলছে। পাশাপাশি শিশুদের বিদ্যালয়মুখী করতে শিক্ষকদের পাঠদানে আরও আন্তরিক হওয়ার আহ্বান জানান তিনি। তাঁর মতে, আনন্দদায়ক পরিবেশে আদর ও ভালোবাসার মাধ্যমে পাঠদান করলে শিশুদের বিদ্যালয়ের প্রতি আগ্রহ বাড়বে। শুধু শিক্ষাগত সনদ নয়, তাদের মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবেও গড়ে তুলতে হবে।
জাহিদুল ইসলাম মিঞা বলেন, প্রধানমন্ত্রী এমন একটি ‘রেইনবো নেশন’ গড়ে তুলতে চান, যেখানে সব জনগোষ্ঠী সমান সুযোগ নিয়ে এগিয়ে যাবে। কোনো জনগোষ্ঠীকে পিছিয়ে রেখে দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। শিক্ষার মাধ্যমে সামাজিক ও অর্থনৈতিক অবস্থার পরিবর্তন ঘটানো যায় উল্লেখ করে তিনি ভারতের সংবিধান প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা বি আর আম্বেদকরের জীবনসংগ্রামের উদাহরণ দেন।
জেলে সম্প্রদায়ের সদস্যদের মাদক ও অপরাধ থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে জেলা প্রশাসক বলেন, শিশুদের জন্য সুস্থ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হবে। তাদের এমনভাবে গড়ে তুলতে হবে, যাতে তারা নিজেদের জীবন, পরিবার, সমাজ ও দেশের পরিবর্তনে ভূমিকা রাখতে পারে।
সরকারি কর্মকর্তাদের দায়িত্বের প্রসঙ্গ তুলে তিনি বলেন, মানুষের জীবনমানের পরিবর্তন ঘটানো সরকারি কর্মকর্তাদের অন্যতম দায়িত্ব। নিজ নিজ দায়িত্বপ্রাপ্ত খাতের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে না পারলে চাকরিজীবনের সার্থকতা থাকে না।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা সালমা বেগম ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ উদ্দিন। এতে সভাপতিত্ব করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ যোবায়ের হোসেন।

